শাহজাদপুর সংবাদ

মাদক নয়,মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট

১১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ PM

মাদক নয়,মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি) প্রতিনিধি :

মাদক, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেল চারটায় লংগদুর গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে অপরাধ ও মাদকের বিস্তার অনেকটাই কমানো সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এতে মুখোমুখি হয় বড় মাহিল্যা সমন্বয়ক ক্লাব ও গুলশাখালী স্পোর্টস একাডেমি। খেলা দেখতে স্থানীয় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠ।

টুর্নামেন্টে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দল অংশ নিচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ের প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনের সহকারী পরিচালক কে এই এম কিবরিয়াসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাঠে তরুণদের এই উপস্থিতি শুধু একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন নয়, বরং মাদক ও অপরাধের বিরুদ্ধে একটি ইতিবাচক সামাজিক বার্তাও।

The post মাদক নয়,মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ