শাহজাদপুর সংবাদ

বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ

১০ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM

বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ

গত কয়েক বছর ধরে অভিনয়জগতে তুলনামূলকভাবে কম সক্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার শেষ ফিচার ফিল্ম ছিল ২০১৫ সালের হরর থ্রিলার ‘অ্যালোন’ (Alone)। ছবিটিতে তার স্বামী করণ সিং গ্রোভারও অভিনয় করেছিলেন। পরবর্তী সময়ে ২০২০ সালে মুক্তি পাওয়া এমএক্স প্লেয়ারের ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডেঞ্জারাস’ এও একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে।

২০১৬ সালে বিয়ে করেন বিপাশা ও করণ। ২০২২ সালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। মা হওয়ার পর থেকে পেশাগত জীবনে তুলনামূলকভাবে আড়ালেই ছিলেন অভিনেত্রী।

তবে এবার পর্দায় ফিরতে চলেছেন বিপাশা। পরিচালক হংসল মেহতার আসন্ন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঙ্কি’ (Barabanki)-তে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শুরু করেছেন অভিনেত্রী।

১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা বই ‘দ্য বারাবাঙ্কি নারকোস: বাস্টিং ইন্ডিয়াস মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ অবলম্বনে তৈরি হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিপাশার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে মনে হয়েছিল, মুম্বাইয়ের একটি স্টুডিয়োর বাইরে পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে বিপাশার দাবি, ফটোগ্রাফাররা সেখানে কেন উপস্থিত ছিলেন, তা জানতে চাওয়ার অর্থ এই নয় যে তিনি তাদের ওপর রেগে গিয়েছিলেন।

বৃহস্পতিবার বিপাশাকে স্টুডিয়োর বাইরে দেখা যায়। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেননি। বরং সেখানে উপস্থিত ফটোগ্রাফারদের উদ্দেশে জানতে চান, তাদের সেখানে কে ডেকেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়, পাপারাজ্জিদের উপস্থিতিতে তিনি অসন্তুষ্ট হয়েছেন।

পরে একটি পাপারাজ্জি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল অভিনেত্রী মেজাজ হারিয়েছেন। কিন্তু ভিডিওটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানান বিপাশা। নিজের বক্তব্য তুলে ধরতে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন।

সেখানে বিপাশা লেখেন, ‘দয়া করে বলুন তো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী? কেউ নিজের কাজে যাচ্ছেন এবং সময়মতো পৌঁছতে চাইছেন। কিন্তু আমরা আপনাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলেই তার অর্থ এই নয় যে আমি রেগে গিয়েছি। ভিডিওর শেষে আমি যে আপনাদের ধন্যবাদ জানিয়েছি, সেটি আপনারা সুবিধামতো এড়িয়ে গিয়েছেন। যাই হোক, পাপারাজ্জিদের সঙ্গে আমার কোনও সমস্যাই নেই। তাদের বেশির ভাগই আমার সঙ্গে সব সময় যথেষ্ট সম্মানজনক আচরণ করেন।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ