শাহজাদপুর সংবাদ

বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM

বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

বিদেশে অবস্থান করে রাজনৈতিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে দেশে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী।মির্জা মোস্তফা জামান। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, প্রকাশ্যে অর্থের বিনিময়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং কর্মীদের মাঠে নামানোর বিষয়ে সতর্ক করে তিনি রাজনৈতিক বাস্তবতা অনুধাবনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেস্বর ২০২৬) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে পাঠানো রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, “বিকাশ আর প্রকাশ্যে টাকার জন্য যারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং মিছিল করাচ্ছেন বা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।” রাজনৈতিকভাবে বিপর্যস্ত একটি দলের নেতা-কর্মীদের নতুন করে ঝুঁকির মধ্যে না ফেলে পরিস্থিতি বিবেচনারও আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, কোনো স্বৈরাচারী সরকারের গণবিপ্লবের মাধ্যমে পতনের পর সেই সরকার বা দল আবার ক্ষমতায় ফিরে আসার নজির আছে কি না। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা একটি সরকারের গণবিস্ফোরণের মধ্য দিয়ে পতনের পর বিদেশে অবস্থান করে বিভিন্ন বক্তব্য দেওয়া এবং দেশে থাকা কর্মীদের মাঠে নামানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সিরাজগঞ্জ জেলা বিএনপি এই নেতার ভাষ্য, বিদেশে বসে দেওয়া বিভিন্ন নির্দেশনা ও রাজনৈতিক বক্তব্যের কারণে দেশে থাকা আওয়ামী লীগের সমর্থক ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা নতুন করে বিপদের মুখে পড়তে পারেন। তাই তাদের বসবাসের পরিবেশ আরও কঠিন করে না তুলে বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “তারা ভালো আছে, ভালো থাকতে দেন। পারলে নিজে বিদেশে পালিয়ে না থেকে দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন।” কর্মীদের ঝুঁকির মধ্যে না ফেলে রাজনৈতিক বাস্তবতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মীদের ‘ভোদাই’ ভাবা উচিত নয় এবং ‘দিবাস্বপ্ন’ দেখা বন্ধ করতে হবে।

বক্তব্যে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও আলোচনা করা হয়। অতীতের রাজনৈতিক পরিণতি থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে দেশ পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও জনগণের কল্যাণে কাজ করার কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

বক্তব্যের শেষাংশে তারেক রহমানের উদ্ধৃত স্লোগান—“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—উল্লেখ করে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

The post বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ