শাহজাদপুর সংবাদ

দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM

দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:দুর্নীতি, চাঁদাবাজি, চোরাচালানসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন এমপি। তিনি বলেছেন, অপরাধ দমনে প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সমাজের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতির উন্নয়ন কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। ইতিবাচক কিংবা নেতিবাচক যেকোনো পরিস্থিতির উত্তরণে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একই সঙ্গে নিরপরাধ কোনো মানুষ যেন অবিচারের শিকার না হন, সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবক্ষয় মূলত সামাজিক অবক্ষয়েরই একটি অংশ। তাই আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের দায়িত্বও রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব।সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, আপনাদের সহযোগিতাও প্রয়োজন। যেকোনো ধরনের চোরাচালান, অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে ধাপে ধাপে যা যা করা প্রয়োজন, প্রশাসন ও সরকার সবকিছুই করবে।তিনি বলেন, এসব অপরাধের বিষয়ে সাংবাদিকরা তথ্য-উপাত্ত দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে। এমনকি দিনের বেলায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডও বন্ধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ