‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
১৪ নভেম্বর, ২০২৬ এ ১১:১১ PM

প্রায় আট মাস আগে নিখোঁজ হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলী (৭০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। একপর্যায়ে তাঁকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বজনেরা। অবশেষে আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় ওই বৃদ্ধকে ফিরে পেয়েছে পরিবারটি। বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে মো. জাবেদ আলী।
পিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদ–সংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। তবে দীর্ঘদিনেও তাঁর খোঁজ মেলেনি।
গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তিনি নিজের নাম–পরিচয় বলতে পারছিলেন না। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম সেখানে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে দিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করেন স্বেচ্ছাসেবীরা। কিন্তু তাতে সফলতা আসেনি। প্রায় এক মাস হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন। ভাসমান দিন কাটছিল তাঁর। তবে স্বেচ্ছাসেবী সংগঠনটি তাঁর চলাফেরার ওপর নজর রাখেন। অন্যদিকে সংগঠনটির সদস্যরা তাঁর পরিবারের সন্ধান অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় রবিউল ইসলামসহ সংগঠনের কয়েকজন সদস্য ওই বৃদ্ধকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন পিবিআইয়ের সদস্যরা। তাঁর নাম মো. শাহজাহান আলী। বাবার নাম মুনজিল শেখ আর মায়ের নাম আজিরন খাতুন।
পরে পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন মাধ্যমে শাহজাহান আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আজ শনিবার তাঁর ছেলে মো. জাবেদ আলী ও নাতজামাই মো. সুমন মিয়া পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়।
বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ আলী। তিনি বলেন, ‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ পিবিআইয়ের ফোন পেয়ে আশ্বস্ত হই। বাবাকে ফিরে পেয়ে আমরা খুব খুশি। এ জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য ও পিবিআইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।’
স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম বলেন, শাহজাহান আলীকে উদ্ধারের পর দীর্ঘদিন তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। পরে পিবিআইয়ের সহযোগিতায় তাঁর স্বজনদের খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে তাঁরা আনন্দিত।
পিবিআইয়ের শেরপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি তাঁরা বিভিন্ন মানবিক কাজেও সহযোগিতা করেন। প্রযুক্তি ব্যবহার করে প্রথমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁর স্বজনদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:০৩ PM · nagorik tv
