শাহজাদপুর সংবাদ

বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম

২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM

বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এ ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রবিউল ইসলাম। জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।রবিউল ইসলামের নির্বাচনী অঙ্গীকার—‘জনগণের সেবাই আমার লক্ষ্য, উন্নয়নই আমার অঙ্গীকার।’ এ স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল ইসলামকে ঘিরে ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাঁর কাছে প্রত্যাশা রয়েছে স্থানীয়দের।নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রবিউল ইসলাম বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করলে তাঁদের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য। একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বহুলী ইউনিয়ন গড়ে তুলতে আমি কাজ করতে চাই। ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা, কৃষির উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহযোগিতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি দলমত-নির্বিশেষে সবার পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চান তিনি।এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বহুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে রবিউল ইসলামের নির্বাচনী ফেস্টুন ও পোস্টার দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে আলোচনা।তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটের মাধ্যমে। রবিউল ইসলামও ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

The post বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ