শাহজাদপুর সংবাদ

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা

২৬ এপ্রিল, ২০২৬ এ ৬:৫৯ PM

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা

টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় সংগঠনের সভাপতি নুরুল হোসাইন আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি বৈধ, গঠনতান্ত্রিক ও কক্সবাজার জেলা প্রেসক্লাব অনুমোদিত সংগঠন।

তিনি জানান, ২০২২ সালের ১৩ জানুয়ারি তৎকালীন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের স্বাক্ষরে টেকনাফ উপজেলা প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৪ নভেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ২ ডিসেম্বর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের মাধ্যমে গঠিত কার্যকরী পরিষদ পরবর্তীতে যথাযথ অনুমোদন লাভ করে বলে তিনি উল্লেখ করেন।

নুরুল হোসাইনের অভিযোগ, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সাংবাদিক পরিচয়ে “টেকনাফ উপজেলা প্রেসক্লাব” নাম ব্যবহার করে অবৈধভাবে সংগঠন পরিচালনার চেষ্টা করছে। তারা সংগঠনের নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল নির্ধারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংগঠনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এ সময় হুমকি ও অসদাচরণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়।

নুরুল হোসাইন বলেন, ২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “ত্রি-বার্ষিক” হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অথচ গঠনতন্ত্র ও নির্বাচনী তফসিলে স্পষ্টভাবে দুই বছর মেয়াদের কথা উল্লেখ রয়েছে।

এ ঘটনায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও মব সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের মধ্যে সংগঠন থেকে বহিষ্কৃত কয়েকজন এবং রাজনৈতিক পরিচয়ে পরিচিত কিছু ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ থাকার কথাও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে প্রকাশ্যে হুমকি, মানহানিকর মন্তব্য এবং সাংবাদিকদের কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রেসক্লাবের কার্যালয় বন্ধের উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপককেও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের দায়ে বহিষ্কৃত ব্যক্তিরাই সংগঠনকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে, টেকনাফ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।

সূত্র: সিরাজগঞ্জের কাগজ

সম্পর্কিত সংবাদ

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা | শাহজাদপুর সংবাদ