‘টক্সিক’ কি নারীবিদ্বেষী সিনেমা? প্রবল বিতর্ক নিয়ে মুখ খুললেন যশ
২৪ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ AM

যশ অভিনীত বহুল আলোচিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ সিনেমা মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলতে যাচ্ছে। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটির প্রথম দিনের আগাম বুকিংয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এরই মধ্যে ছবিটির আগাম বুকিংয়ের আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। তবে মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে গীতু মোহনদাসের সিনেমাটি। অনেকেই এটিকে ‘নারীবিদ্বেষী’ সিনেমাও বলছেন। তবে সিনেমার প্রচারে এসে সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন যশ।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১২ হাজার ৬০৯টি শোতে ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি করে ‘টক্সিক’ ইতিমধ্যে ১৮ কোটি ৮৪ লাখ রুপি আয় করেছে। এই হিসাবের মধ্যে বুক করা টিকিটের পাশাপাশি বিভিন্ন শোয়ের ব্লক করা আসনও রয়েছে। কন্নড় ও হিন্দি সংস্করণ থেকেই এসেছে সবচেয়ে বেশি আয়। কন্নড় সংস্করণ টুডি শো থেকে প্রায় ৯ কোটি ৬০ লাখ রুপি ও হিন্দি সংস্করণ ৭ কোটি ৭২ লাখ রুপি আয় করেছে। কন্নড় আইম্যাক্স ও ফোরডিএক্সের মতো প্রিমিয়াম স্ক্রিনিং থেকেও যোগ হয়েছে উল্লেখযোগ্য আয়।
৩০ কোটির পথে শুধু প্রথম দিনের আগাম বুকিংয়ের হিসাব ধরলে ‘টক্সিক’ এখন পর্যন্ত ২৭ কোটি ৩৮ লাখ রুপি আয় করেছে। বর্তমান গতি অব্যাহত থাকলে মুক্তির আগেই ৩০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগাম বুকিংয়ে সবচেয়ে এগিয়ে আছে কর্ণাটক। যশের জনপ্রিয়তার কারণে রাজ্যটিতে ছবিটির জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে। সেখানে ১ হাজার ৭৪৪টি শো থেকে আয় হয়েছে ১০ কোটি ৬৯ লাখ রুপি। মুক্তির তিন দিন আগেই কর্ণাটকে ৭৪২টি শো প্রায় পূর্ণ হয়ে গেছে।
শোর সংখ্যার হিসাবে অবশ্য এগিয়ে গুজরাট। সেখানে ছবিটির ২ হাজার ৩১৯টি শো রয়েছে। এরপর মহারাষ্ট্রে ২ হাজার ১৮৯টি শো। তবে আগাম বুকিংয়ের আয়ে এই দুই রাজ্য কর্ণাটকের তুলনায় অনেক পিছিয়ে। গুজরাটে আয় হয়েছে ১ কোটি ১৭ লাখ ও মহারাষ্ট্রে ১ কোটি ৩৩ লাখ রুপি।এ ছাড়া পশ্চিমবঙ্গ, দিল্লি ও উত্তর প্রদেশে ছবিটির আগাম বুকিং বেশ ভালো। এসব অঞ্চল থেকে যথাক্রমে ৮৯ লাখ ৫১ হাজার রুপি, ৮৭ লাখ ৯২ হাজার ও ৮০ লাখ ২৯ হাজার রুপি আয় হয়েছে।
বিতর্ক নিয়ে যশছবির টিজার, গান ও ট্রেলারে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা করেছেন দর্শকদের একাংশ। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন যশ। তাঁর দাবি, ছবির ট্রেলার দেখে ‘টক্সিক’ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। পুরো সিনেমাটি দেখার পরই দর্শকদের মতামত দেওয়া উচিত।
গত শনিবার হায়দরাবাদে ছবিটির প্রাক্–মুক্তি অনুষ্ঠানে নারী দর্শকদের উদ্দেশে যশ বলেন, ‘সিনেমাটি দেখুন, উপভোগ করুন। আমি নিশ্চিত, আপনারা দারুণ সময় কাটাবেন।’ ‘টক্সিক’–এর পরিচালক গীতু মোহনদাস একজন নারী—অনুষ্ঠানে বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন যশ। তাঁর মতে, ছবিটি নারীদের সক্ষমতা ও নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার গল্পও বলবে।
যশ বলেন, ‘আমি তরুণীদের কিছু বলতে চাই। এই সিনেমার পরিচালকও একজন নারী—গীতু মোহনদাস। জীবনে কিছু অর্জন করা সবার জন্যই কঠিন। তবে আপনাদের জন্য সেটা দ্বিগুণ কঠিন। সমাজ সব সময় হয়তো আপনাদের গ্রহণ করতে চাইবে না। মানুষ প্রশ্ন তুলবে—একজন নারী আবার কী করতে পারেন! আমিও এমন কথা শুনেছি।’
গীতু মোহনদাসকে প্রশংসা করে যশ আরও বলেন, ‘এই পরিচালক প্রমাণ করবেন, প্রত্যেক মেয়ে ও নারী যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, নিজের চিন্তা ও ভাবনা প্রকাশ করতে পারেন এবং এই সমাজে নিজের শর্তে সফল হতে পারেন।’যশের ভাষ্য, ট্রেলার দেখে ছবিটি সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, বাস্তব গল্পটি তার চেয়ে আলাদা। তিনি বলেন, ‘ট্রেলার যে ধারণা দিয়েছে, তার বিপরীতে এই সিনেমা সত্যিকার অর্থেই নারীদের কণ্ঠস্বর তুলে ধরে।’
নারী দর্শকদের উদ্দেশে যশের পরামর্শ, প্রচারণার কিছু দৃশ্য দেখে সিদ্ধান্ত না নিয়ে পুরো সিনেমাটি দেখার। এরপরই তাঁরা নিজেদের মতামত দেবেন।
কেন সমালোচনায় ‘টক্সিক’ছবিটির প্রচারণা শুরু হওয়ার পর থেকেই নারী চরিত্রের উপস্থাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। টিজারে যশের চরিত্রের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রশ্ন তোলেন দর্শকদের একাংশ। পরে ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্যও আলোচনায় আসে। কিয়ারার চরিত্র ও তাঁকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও সমালোচনা হয়।
ট্রেলার প্রকাশের পর সেই বিতর্ক আরও জোরালো হয়। বিশেষ করে নারী চরিত্রগুলোর পর্দায় উপস্থিতি কতটা এবং তাঁদের কীভাবে দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবিতে নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো অভিনেত্রী থাকলেও তাঁদের চরিত্রের ব্যাপ্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।অবশ্য এর বিপরীতে যশের গ্যাংস্টার অবতার, সিনেমাটির বিশাল নির্মাণ পরিসর ও দৃশ্যায়ন প্রশংসা পেয়েছে দর্শকদের একাংশের কাছ থেকে।
‘কেজিএফ’–এর পর কেন গীতু‘কেজিএফ’ সিরিজের বিপুল সাফল্যের পর যশ কোন পরিচালকের সঙ্গে কাজ করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। তাঁর পরবর্তী সিনেমায় কোন ধরনের বাণিজ্যিক ফর্মুলা ব্যবহার করা হবে, সেটিও ছিল আলোচনায়।
যশ জানান, গীতু মোহনদাস সেভাবে ভাবেননি। তাঁর ভাষায়, ‘“কেজিএফ”–এর পর মানুষ ভাবছিল, যশ কোন বড় পরিচালকের সঙ্গে কাজ করবে, কিংবা পরবর্তী কোন বাণিজ্যিক ফর্মুলা অনুসরণ করবে। কিন্তু সে (গীতু) বলেছিল, “আমার টাকার প্রয়োজন নেই। আপনি আমাকে ইতিমধ্যে যথেষ্ট দিয়েছেন।”’নিজের সাফল্য ও অর্থের প্রসঙ্গেও যশ বলেন, ‘আমার সম্পদের কারণে আমি সম্মান পাই না। আমি আমার কাজের জন্য সম্মান পাই।’
কবে মুক্তিগীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’–এ যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবিটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কন্নড়ের পাশাপাশি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ছবিটি। যশের ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির পর নতুন এই ছবিকে ঘিরে তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে মুক্তির আগে আগাম বুকিংয়ের এই গতি শেষ পর্যন্ত প্রথম দিনের বক্স অফিসে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে’—ক্যানসারের লড়াইয়ে উপস্থাপক সামিয়া
২৪ আগস্ট, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
