‘সস্তি কপি’ বলে আক্রমণ, বলিউড দুই নায়িকার কথার লড়াই
২৩ আগস্ট, ২০২৬ এ ৫:৩০ PM

বলিউডের অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত ও অভিনেত্রী তাপসী পান্নুর পুরোনো দ্বন্দ্ব যেন আবারও প্রকাশ্যে ফিরেছে। সম্প্রতি কঙ্গনাকে নিয়ে মন্তব্য করেছিলেন তাপসী। এর জবাব দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে তীব্র আক্রমণ করেছেন কঙ্গনা; যদিও পরে সেই পোস্টগুলো মুছে ফেলেছেন তিনি। তাপসী বর্তমানে তাঁর নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’-এর প্রচারে ব্যস্ত। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তিনি।
তাপসী বলেন, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি। ২০১৯ সালে তাঁদের নিয়ে বিতর্ক শুরু হওয়ার সময়ও তাঁরা একে অপরের সঙ্গে দেখা করেননি। এখনো দেখা হয়নি।
তাপসীর ভাষায়, কঙ্গনাকে নিয়ে তাঁর মতামত তাঁর নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন এবং বিষয়গুলো দেখার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কঙ্গনারও তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কে কোথা থেকে এসেছেন, সেটিই সবার জন্য অনেক কিছু বলে দেয়—এমন ইঙ্গিতও দেন তাপসী। তাপসীর এ মন্তব্যই ক্ষুব্ধ করেছে কঙ্গনাকে।
‘সস্তি কপি’ বলে কটাক্ষগতকাল শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসীর নাম সরাসরি না নিয়ে কঙ্গনা লেখেন, ‘এক সস্তি কপি’ তাঁর নতুন বি-গ্রেড সিনেমার প্রচারে বেরিয়েছেন, কিন্তু বরাবরের মতো তাঁর সিনেমার চেয়ে সংবাদমাধ্যমের আগ্রহ বেশি কঙ্গনা রনৌতকে নিয়ে।
এরপরই তাপসীর বিরুদ্ধে আরও ব্যক্তিগত আক্রমণ করেন কঙ্গনা। তিনি দাবি করেন, তাপসী তাঁর বেড়ে ওঠা ও মা–বাবাকে নিয়ে উপহাস করেছেন।কঙ্গনা লেখেন, সব মা–বাবা তাঁদের সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি কখনো কোনো বিতর্কে প্রতিপক্ষের মা–বাবাকে টেনে আনেননি। তবে এবার তাপসীর মা-বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন তিনি—তাঁরা কেন তাঁর মা-বাবার মতো একজন ‘অরিজিনাল’ মানুষকে জন্ম দিতে পারলেন না।
এরপর আরও একটি স্টোরিতে তাপসীকে সরাসরি আক্রমণ করেন কঙ্গনা।
নিজের পরিবার নিয়েও বললেন কঙ্গনাকঙ্গনা দাবি করেন, অনেকেই তাঁর বেড়ে ওঠা, মা-বাবা ও পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, শহরের প্রান্তিক এলাকায় ছোট ও স্যাঁতসেঁতে ভাড়া বাড়িতে বেড়ে ওঠা এবং ‘সন্দেহজনক’ পারিবারিক পটভূমির মানুষ প্রায়ই তাঁর পরিবারকে নিয়ে প্রশ্ন তোলেন।
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে কঙ্গনা বলেন, তিনি একটি পরিচিত রাজপুত জমিদার পরিবার থেকে এসেছেন এবং শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন মা-বাবার কাছে বড় হয়েছেন।
অভিনেত্রীর দাবি, তিনি নিজের পছন্দেই শূন্য থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তাই তাঁর মা-বাবাকে আক্রমণ করার কোনো কারণ নেই।তবে কঙ্গনার এ দুই স্টোরি বেশিক্ষণ ইনস্টাগ্রামে থাকেনি। আজ রোববার সকাল নাগাদ সেগুলো মুছে দেওয়া হয়।
২০১৯ সালে শুরু দ্বন্দ্বকঙ্গনা ও তাপসীর বিরোধ নতুন নয়। ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দ্বন্দ্বের শুরু। কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বা ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। এর পর থেকেই দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও ‘আউটসাইডার’ বিতর্ক যখন তুঙ্গে, তখন কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘নিডি আউটসাইডার’ বলে মন্তব্য করেন। সেই সময় পাল্টা জবাবও দিয়েছিলেন তাপসী।
তবে এত বছর পরও তাঁদের দ্বন্দ্ব পুরোপুরি শেষ হয়নি। বরং মাঝেমধ্যে একজনের মন্তব্যের জবাবে অন্যজনের বক্তব্যে পুরোনো বিরোধ আবার সামনে চলে আসে।মজার বিষয় হলো, এই দ্বন্দ্বের মধ্যেও তাপসী একাধিকবার জানিয়েছেন, মতের অমিল থাকলেও কঙ্গনার সঙ্গে বন্ধুত্ব করতে তাঁর আপত্তি নেই। অন্যদিকে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্য বলছে, দুই অভিনেত্রীর সম্পর্ক এখনো যথেষ্ট তিক্ত।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে—মধুবালার কঠিন শর্ত, নতুন করে আবার পুরোনো বিতর্ক
২৩ আগস্ট, ২০২৬ এ ৩:১৫ PM · প্রথম আলো
ক্যানসারের সঙ্গে ভাইয়ের লড়াই, জন্মদিনে বেবী নাজনীনের একটাই প্রার্থনা
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
