শাহজাদপুর সংবাদ

চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশে সিরাজগঞ্জের নেতৃবৃন্দ

৯ অক্টোবর, ২০২৬ এ ৫:৫৭ PM

চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশে সিরাজগঞ্জের নেতৃবৃন্দ

মোঃ হোসেন আলী ছোট্ট : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ ও চাকরির বয়সসীমা ৬২ বছর করার দাবিতে রাজধানী ঢাকায় আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু হাসিম তালুকদারের নেতৃত্বে সিরাজগঞ্জের শিক্ষক-কর্মচারীরা এতে যোগ দেন। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—‘শিক্ষকদের পাশে দাঁড়ান, মর্যাদা বাড়ানো এবং ভবিষ্যৎ গড়ে তোলা, পেশা সুরক্ষা’।

সমাবেশে আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিভাগের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু হাসিম তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ ও মোঃ জাকির হোসেন।

বক্তব্যে মোঃ আবু হাসিম তালুকদার বলেন, চাকরি জাতীয়করণ ও চাকরির বয়সসীমা ৬২ বছর করার দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। তাঁদের ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণের সময় এসেছে।

প্রধান অতিথি রুহুল কবির রিজভীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৬-৩৭ বছর আগে তাঁদের পরিচয় হয়েছিল। সে সময় রিজভী তাঁদের কক্ষে প্রায় ২০-২৫ দিন অবস্থান করেছিলেন। তখন থেকেই তাঁরা তাঁর ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে রিজভী তাঁদের পাশে ছিলেন এবং পেশাজীবীদের অধিকার আদায়ের আন্দোলনে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের পাশাপাশি ছাতিয়ানতলী মোড়গ্রাম কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সিমলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোহরাব আলী শেখ, এনামুল হক স্বপন, রাশেদুল হাসান বাবু ও ফজিল ওয়াইস খান আদিলসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মচারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

The post চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশে সিরাজগঞ্জের নেতৃবৃন্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ