শাহজাদপুর সংবাদ

উচ্ছ্বাস-৭: কৃষ্টি ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে মুখরিত কাব ক্যাম্পুরী,দ্বিতীয় সিরাজগঞ্জ

২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৪ PM

উচ্ছ্বাস-৭: কৃষ্টি ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে মুখরিত কাব ক্যাম্পুরী,দ্বিতীয় সিরাজগঞ্জ

মোঃ হোসেন আলী ছোট্ট :নাচ, গান ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬-এর ক্যাম্পুরী ময়দান। ‘উচ্ছ্বাস-৭: কৃষ্টি ও সংস্কৃতি’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ জেলা স্কাউটস। এ অর্জনে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কাব স্কাউট ও লিডারদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী চত্বরে স্থাপিত ক্যাম্পুরীর মূল মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ছয় দিনব্যাপী এ আঞ্চলিক কাব ক্যাম্পুরীর চতুর্থ দিনে কৃষ্টি ও সংস্কৃতির এ বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬-এর প্রোগ্রাম চিফ ও আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ কাহারুল ইসলাম জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার।সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় সিরাজগঞ্জ জেলা স্কাউটসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন জেলার কাব স্কাউট লিডার মোঃ আইয়ুব (এ.এলটি)। প্রধান অতিথি তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর ফুড উপকমিটির আহ্বায়ক জান্নাত আরা ফেরদৌস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন। এ ছাড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে। নাচ, গানসহ নানা বর্ণিল পরিবেশনায় ক্যাম্পুরীর মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। অংশগ্রহণকারী কাব স্কাউটরা নিজেদের প্রতিভা ও সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।আয়োজনে একদিকে যেমন ফুটে ওঠে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য, অন্যদিকে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সৃজনশীলতা ও দলগত চেতনা বিকাশের বার্তাও ছড়িয়ে পড়ে।সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলার দ্বিতীয় স্থান অর্জন ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে জেলার অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দের ও গৌরবের মুহূর্ত হয়ে থাকবে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কাব স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

The post উচ্ছ্বাস-৭: কৃষ্টি ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে মুখরিত কাব ক্যাম্পুরী,দ্বিতীয় সিরাজগঞ্জ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ