শাহজাদপুর সংবাদ

পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ

৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM

পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ হোসেন আলী ছোট্ট :প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর ব্যবহার কমানো, পরিবেশ সংরক্ষণ এবং দেশীয় বৃক্ষসম্পদের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ। পরিবেশবান্ধব পাটের ব্যাগে করে বিরল প্রজাতির দুটি গাছ উপহার দিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বার্তা দিয়েছেন তিনি।সম্প্রতি নাটোরে বাউলশিল্পী কার্তিক বাউলকে সিভিট ও গজন প্রজাতির দুটি গাছ উপহার দেন মাহবুবুল ইসলাম পলাশ। এ সময় গাছ দুটি প্লাস্টিক কিংবা পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগে বহন করে উপহার দেওয়া হয়। তিনি সিরাজগঞ্জভিত্তিক পরিবেশবিষয়ক সংগঠন ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’র পরিচালক।উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো, দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করা। পাশাপাশি দেশীয় ও কম পরিচিত বৃক্ষপ্রজাতির পরিচিতি তুলে ধরে সেগুলোর সংরক্ষণে সচেতনতা তৈরি করা।সিভিট ও গজন দেশীয় বৃক্ষসম্পদের গুরুত্বপূর্ণ প্রজাতি। এসব গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে স্থানীয় উদ্ভিদবৈচিত্র্য সমৃদ্ধ করার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় গাছের প্রতি ভালোবাসা তৈরি এবং হারিয়ে যেতে বসা বৃক্ষসম্পদ সংরক্ষণে আগ্রহ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।এ সময় উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, গুনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাউলশিল্পী নিজাম উদ্দিন চিশতী, দোতরা বাদক মোহাম্মদ আবদুর সামাদ এবং নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী প্রজ্ঞা বিশ্বাস ও মৌলি মোহনা সরকার মণি।পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে দেশজুড়ে বৃক্ষরোপণ, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগে বৃক্ষ উপহারের পাশাপাশি পাটের ব্যাগ ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।সচেতন মহলের মতে, এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা সম্ভব। বৃক্ষরোপণ ও পাটের ব্যাগ ব্যবহারের এ বার্তা ছড়িয়ে পড়লে প্রকৃতি সংরক্ষণে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।

The post পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ