শাহজাদপুর সংবাদ

চাটমোহরে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধে ৬১১ বস্তা সরকারি সার লুট

৯ নভেম্বর, ২০২৬ এ ৮:১৬ PM

চাটমোহরে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধে ৬১১ বস্তা সরকারি সার লুট

বিশেষ প্রতিনিধিঃ পাবনার চাটমোহর এ ডিলারের টিনশেড এই ঘর ভেঙ্গে ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে।

সরকারি সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৯ নভেম্বর দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে।

খবর পেয়ে চাটমোহর উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিল মেসার্স প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর চালিয়ে সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট এক হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুদ রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ডিলার প্রবীর কুমার পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর মাইকিং করে যারা সার নিয়ে গেছে, তাদের তা ফেরৎ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।

The post চাটমোহরে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধে ৬১১ বস্তা সরকারি সার লুট appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

চাটমোহরে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধে ৬১১ বস্তা সরকারি সার লুট | শাহজাদপুর সংবাদ