ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার: পুলিশ
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৩০ PM

ইয়াবা কারবারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানার পুলিশ। তারা বলছে, এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির প্রথম আলোকে বলেন, ‘শফিকুল ইসলাম গত জুলাই মাসে পল্লবী থানায় বদলি হয়ে আসেন। দু–তিন দিন দায়িত্ব পালন করার পর থেকে অনুপস্থিত ছিলেন।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভূরুঙ্গামারীতে কৃষকদের সার না দেওয়ার তথ্য পেয়েছে তদন্ত কমিটি, ক্যাশ মেমোতে অসংগতি
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৫৩ PM · প্রথম আলো
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে হত্যার অভিযোগ: সাতজনের নামে হত্যা মামলার আবেদন
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৪৬ PM · প্রথম আলো
মাগুরায় শিশুধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্ট রায় দেবেন ৩১ আগস্ট
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
রংপুরে চারজনকে হত্যা: পাশাপাশি চার চিতায় চারজনের শেষকৃত্য
২৪ আগস্ট, ২০২৬ এ ১২:৩৩ PM · প্রথম আলো
কক্সবাজারের সুগন্ধা সৈকতে বালিয়াড়ির ওপর দিয়ে সড়ক, পরিবেশকর্মীদের ক্ষোভ
২৪ আগস্ট, ২০২৬ এ ১২:২৬ PM · প্রথম আলো
