স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়াগামী কর্মীদের দিতে হবে ৮ হাজার টাকা
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না।
আজ শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতেও বিজ্ঞপ্তিতে কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিক্যাল স্লিপ করানোর পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে ই-মেইলে (secretary@probashi.gov.bd) মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
