শাহজাদপুর সংবাদ

অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা

১২ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা

বর্ষা শেষ হলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। বছরের শেষ প্রান্তে এসেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসেও একাধিকবার বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে, এমনকি ডিসেম্বরেও তা থাকতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৮০ হাজার ৬৩৪ জন। এ বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে, যা গত বছরের প্রায় দ্বিগুণ। একই সময়ে গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩১৮ জনের। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।

ডেঙ্গুর মৌসুম শেষের দিকে হলেও ঘরে ঘরে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। কোথাও শয্যা পাওয়া যাচ্ছে, কোথাও মিলছে না। ফলে হাসপাতালে ভর্তি হতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

ধানমন্ডির কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আফরোজা আক্তার হেলেনের এক বছর ১০ দিন বয়সী মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে শয্যা পেতে ভোগান্তি হয়। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলাম। একদিন রাতে ২টার দিকে দেখি বাচ্চা কাঁপুনি দেওয়া আরম্ভ করছে। দেখি অনেক জ্বর, কিন্তু কমে না। তারপরে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার টেস্ট দিয়েছে। ডেঙ্গু ধরা পড়েছে। তারপর বলে হাসপাতালে ভর্তি হতে। কিন্তু আর্থিক সমস্যার কারণে ওখানে ভর্তি করাতে পারি নাই। পরে শ্যামলীর শিশু হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সিট পাইনি। পরে বাসায় চলে যাই। পরের দিন আবার সকালে এই হাসপাতালে নিয়ে আসি। পরে দুপুরের দিকে সিট পেয়েছি। মানে দুই দিন ঘুরে সিট পেয়েছিলাম।’

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সরকারের বক্তব্য ভিন্ন। গত ১৩ অক্টোবর রাজধানীর বাংলা একাডেমিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক এক সেমিনার শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের চার মাস আগের আগাম পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের কারণে অতীতের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ফলে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে। একসময় যেখানে আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে পাঁচজন মারা যেতেন, এখন তা হাজারে তিনজনে নেমে এসেছে।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ভয়াবহ পরিস্থিতির তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ও তীব্রতা অনেক কম। তবে বর্তমান পরিস্থিতিকে সরকার কোনোভাবেই হালকাভাবে দেখছে না। প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনার এবং সরকার সংক্রমণ শূন্যের কোঠায় নামাতে কাজ করছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশার প্রজননস্থল ধ্বংসের যে কাজ করা প্রয়োজন, তা হচ্ছে না। বর্তমানে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো মূলত সাধারণ পরিচ্ছন্নতামূলক কাজ। ফলে এডিস মশা কমছে না।

তিনি বলেন, তাপমাত্রা কমে গেলে এডিস মশার প্রজনন কমবে। তবে তাপমাত্রা কমার প্রভাব পেতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে। কারণ, এর আগে মশা যেসব ডিম পেড়েছে, সেগুলোর অনেকগুলো ইতোমধ্যে লার্ভায় পরিণত হয়েছে। সেগুলো থেকে পূর্ণবয়স্ক মশা জন্ম নেবে। এসব মশা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর সুস্থ মানুষকে কামড়াবে। এভাবেই ডেঙ্গুর সংক্রমণ ছড়াবে। এই প্রক্রিয়া আরও এক থেকে দেড় মাস চলতে পারে। অর্থাৎ, তাপমাত্রা কমার ফলে মশার প্রজনন কমলেও তার প্রভাব তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।

অসময়ের বৃষ্টিতে ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন যে অসময়ের বৃষ্টিপাত হচ্ছে, তাতেও মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। যত দিন বৃষ্টি থাকবে, তত দিন মশার প্রজননের সুযোগ থাকবে। বৃষ্টির পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। বাংলাদেশে তাপমাত্রা এখনো এমন পর্যায়ে নামেনি, যাতে ডিম থেকে লার্ভা বের হওয়া বন্ধ হয়ে যায়। তাপমাত্রা কমলে ডিম থেকে লার্ভা বের হওয়ার প্রক্রিয়া কিছুটা ধীর হয়। কিন্তু দেশের বর্তমান তাপমাত্রা এ প্রক্রিয়া বন্ধ হওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি।

বর্ষা মৌসুমের পরও বৃষ্টি ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত করবে কি না জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মশাবাহিত রোগবিষয়ক গবেষক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো মাত্রায় থাকবে। এমনকি এবার ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে। এর অন্যতম কারণ অসময়ের বৃষ্টিপাত। এবার অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা বেশি ছিল। অন্যদিকে বৃষ্টিপাতও হয়েছে। তাপমাত্রা বেশি থাকা এবং বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. তাহমিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, বর্ষায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এতে মশার সংখ্যাও বাড়ে। কারণ, এই মশা পরিষ্কার পানিতেই জন্মায়। মশা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর অন্য কাউকে কামড়ালে ডেঙ্গু ছড়ায়। তাই মশা বেশি থাকলে সংক্রমণ বাড়বে। এখন বৃষ্টি বাড়লে মশার সংখ্যাও বাড়বে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বৃষ্টি হলেও দেশের বেশির ভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সাধারণ পরিচ্ছন্নতার পাশাপাশি এডিস মশা কোথায় কোথায় ডিম পাড়তে পারে, সেই প্রজননস্থল চিহ্নিত করার প্রশিক্ষণ দিতে হবে। মানুষকে হাতে-কলমে শেখাতে হবে, কীভাবে নিজের বাসার ভেতরে ও বাইরে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে হয়।

তিনি বলেন, যেভাবে মানুষকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে ওরস্যালাইন তৈরি শেখানো হয়েছে, একইভাবে মশার প্রজননস্থল চেনানোর কাজও করা যেতে পারে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের এ কার্যক্রমে যুক্ত করে সারা দেশের মানুষকে সচেতন করতে হবে। এতে পরিচ্ছন্নতার কাজ আরও কার্যকর হবে এবং কয়েক বছরের মধ্যে উন্নত পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

শুধু রাস্তাঘাট ঝাড়ু দেওয়া বা সাধারণ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এডিস মশা খুব একটা কমবে না বলে মন্তব্য করেন তিনি। এতে কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু মশার প্রজননস্থল ধ্বংস না করলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। সামান্য কিছু মশা কমলেও পরবর্তী সময়ে ময়লা ও জমে থাকা পানিতে আবার মশার প্রজনন শুরু হবে।

মশার প্রজনন নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে ড. কবিরুল বাশার বলেন, এখন বৃষ্টির পানি যেসব জায়গায় জমে আছে, সেসব জায়গা লক্ষ্য করে পানি ফেলে দিতে হবে। তা সম্ভব না হলে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে এখনই মশার প্রজনন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হলে সরকারকে হাসপাতালগুলোর প্রস্তুতি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। কবিরুল বাশার বলেন, ডেঙ্গু রোগ নির্ণয়ের টেস্ট কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোকে রোগীর চাপ সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতি শনিবার ক্লিনিং ডে ঘোষণা করে সরকারি স্থাপনা, প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় জনগণকে সম্পৃক্ত করে অভিযান চালানো হয়েছে।

এই কর্মসূচির কোনো প্রভাব পড়েছে কি না জানতে চাইলে প্রশাসক বলেন, অবশ্যই প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী বলার পর সরকারি কোয়ার্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কয়েকশ ট্রাক ময়লা-আবর্জনা সরানো হয়েছে। কাজেই এর প্রভাব পড়েছে।

অসময়ের বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে সিটি করপোরেশন কোনো প্রস্তুতি নিচ্ছে কি না জানতে চাইলে ডিএসসিসির প্রশাসক বলেন, অসময়ে বৃষ্টি হলে তা ডেঙ্গুর জন্য উদ্বেগের বিষয়। এ জন্য সব নাগরিককে সচেতন থাকার এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানাবেন তিনি। এ ছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীরা কাজ করবেন। নগরবাসী সচেতন হলে কাজ করতে সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ