স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৭ AM

স্বাস্থ্য খাতে পরিবর্তন চান না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রোগী চান সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা, চিকিৎসক চান উপযুক্ত কর্মপরিবেশ, স্বাস্থ্যকর্মীরা চান প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, আর সাধারণ মানুষ চান অসুস্থ হলে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে যেন সর্বস্বান্ত হতে না হয়।
সরকারও স্বাস্থ্য খাত সংস্কারের কথা বলছে। রয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বিশেষজ্ঞদের নানা পরামর্শ। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, প্রধানমন্ত্রী নিজেও স্বাস্থ্য খাতের পরিবর্তনে আগ্রহী। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব শ্রেণির কর্মকর্তারাও পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।
তাহলে প্রশ্ন হলো, এত সদিচ্ছা ও আলোচনা সত্ত্বেও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসছে না কেন? এর উত্তর খুঁজতে হলে স্বাস্থ্য খাতের সমস্যার পাশাপাশি সংস্কার বাস্তবায়নের প্রচলিত পদ্ধতিটিও পর্যালোচনা করতে হবে। আমরা হয়তো পরিবর্তনের দায়িত্ব এমন একটি প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দিচ্ছি, যে প্রতিষ্ঠান নিজেই দীর্ঘদিনের কাঠামোগত ও আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী, সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদিচ্ছা থাকলেই যে স্বাস্থ্য খাতের কাঠামোগত পরিবর্তন সম্ভব হবে, বাস্তবতা তা বলে না। কারণ, তাঁরা কাজ করেন একটি প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর মধ্যে, যেখানে রয়েছে নির্দিষ্ট বিধিবিধান, ক্ষমতার বণ্টন, সিদ্ধান্ত গ্রহণের স্তর, প্রাতিষ্ঠানিক স্বার্থ ও দীর্ঘদিনের চর্চা।
ধরা যাক, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হলে জনবল নিয়োগ ও পদায়নের নিয়ম পরিবর্তন করতে হবে, আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এবং অর্থায়নের পদ্ধতি বদলাতে হবে। এসব সিদ্ধান্তের সব কটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক নিয়ন্ত্রণে নেই। কোনোটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের, কোনোটি অর্থ মন্ত্রণালয়ের, আবার কোনোটি পরিকল্পনা কমিশন বা অন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে এমন অনেক পরিবর্তন বাস্তবায়ন করতে হয়, যেগুলোর ওপর তার পূর্ণ কর্তৃত্ব নেই। আবার যেসব পরিবর্তন মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ারে রয়েছে, সেগুলোও বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া, অনুমোদনের স্তর ও প্রাতিষ্ঠানিক স্বার্থের কারণে বিলম্বিত হতে পারে।
এখানে কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করার সুযোগ নেই। বরং প্রশ্ন হলো, প্রচলিত ব্যবস্থার মধ্যে থেকে সেই ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনার দায়িত্ব দিলে কতটা সফল হওয়া সম্ভব? দীর্ঘদিনের কাঠামোর মধ্যে কাজ করতে করতে একটি প্রতিষ্ঠান অনেক সময় পরিবর্তনের উদ্যোক্তা না হয়ে বিদ্যমান ব্যবস্থার ধারক হয়ে ওঠে। ফলে পরিবর্তনের পক্ষে অবস্থান থাকলেও বাস্তবায়নের পর্যায়ে সেই গতি আর থাকে না।
থাইল্যান্ডের অভিজ্ঞতা এ ক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষাকে সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে তিনি দ্রুত উদ্যোগ নেন। সংস্কারপন্থী বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে অর্থায়ন ও সেবা ক্রয়ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়। ২০০২ সালে ন্যাশনাল হেলথ সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস (এনএইচএসও) প্রতিষ্ঠিত হয়। এই নতুন প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচলিত প্রশাসনিক কাঠামোর বাইরে থেকে স্বাস্থ্যসেবার অর্থায়ন ও কৌশলগত ক্রয়ের দায়িত্ব পায়। প্রধানমন্ত্রী পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষজ্ঞদের প্রস্তুতি এবং নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে অল্প সময়ের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষার উদ্যোগ বাস্তবায়িত হয়।
তুরস্কের অভিজ্ঞতাও একই ধরনের শিক্ষা দেয়। ২০০৩ সালে দেশটির সরকার হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম শুরু করে। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের জরুরি কর্মপরিকল্পনায় স্বাস্থ্য খাতের পুনর্গঠনকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেওয়া হয়। গঠন করা হয় সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন। সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক অঙ্গীকারের আওতায় স্বাস্থ্যবিমা একীভূতকরণ, পারিবারিক চিকিৎসাব্যবস্থা, হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সমন্বিত পরিবর্তন আনা হয়।
ভারতের অভিজ্ঞতাতেও প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অন্যতম জাতীয় কর্মসূচি হিসেবে আয়ুষ্মান ভারত চালু হয়। এর বাস্তবায়নে ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) গঠন করা হয়, যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচলিত বিভাগীয় কাঠামোর বাইরে একটি বিশেষায়িত বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।
এই তিনটি দেশের অভিজ্ঞতার মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে: স্বাস্থ্য সংস্কারকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত কাজ হিসেবে দেখা হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একে রাষ্ট্রীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের জন্য বিশেষ নেতৃত্ব, কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। অবশ্য দেশগুলোর রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এক নয়; তাদের অভিজ্ঞতা থেকে আমাদের উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশের জন্যও এখন প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচলিত প্রশাসনিক কাঠামোর বাইরে একটি শক্তিশালী রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্কার উদ্যোগ। এর নেতৃত্ব দিতে হবে স্বয়ং প্রধানমন্ত্রীকে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিকল্প কোনো মন্ত্রণালয় হবে না; বরং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নের রাজনৈতিক কর্তৃত্ব ও সমন্বয় নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় স্বাস্থ্য সংস্কার টাস্কফোর্স বা ট্রান্সফরমেশন টিম গঠন করা যেতে পারে। এতে স্বাস্থ্য, অর্থ, জনপ্রশাসন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য অর্থনীতি, জনস্বাস্থ্য, প্রশাসন, অর্থায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর একটি ছোট, পেশাদার ও পূর্ণকালীন বাস্তবায়ন ইউনিট থাকবে, যারা প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জবাবদিহি করবে।
এ উদ্যোগের প্রথম কাজ হবে স্বাস্থ্য সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ও নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সমন্বয় করে কোন পরিবর্তনগুলো জরুরি, সেগুলো নির্ধারণ করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য অর্থায়ন, জনবল ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, হাসপাতালের ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবার জবাবদিহির ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব তৈরি করতে হবে।
দ্বিতীয়ত, যেসব পরিবর্তনের জন্য একাধিক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের বাধা দূর করতে হবে। শুধু সুপারিশ বা নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। প্রতিটি সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, নির্দিষ্ট সময়সীমা, প্রয়োজনীয় অর্থ এবং প্রত্যাশিত ফলাফল নির্ধারণ করতে হবে।
তৃতীয়ত, সংস্কার বাস্তবায়নে প্রচলিত আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প হিসেবে প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক ও প্রশাসনিক নমনীয়তা দিতে হবে। তবে এ ক্ষমতার সঙ্গে স্বচ্ছতা, নিরীক্ষা ও ফলাফলের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন কাঠামোও সময়ের সঙ্গে আরেকটি আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
চতুর্থত, সংস্কারের ফল সাধারণ মানুষের কাছে দৃশ্যমান করতে হবে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও ওষুধের প্রাপ্যতা, সরকারি হাসপাতালে রোগনির্ণয়ের সুবিধা এবং সেবার মানের উন্নয়নকে অগ্রগতি পরিমাপের প্রধান সূচক করতে হবে।
স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য বাংলাদেশে আলোচনা, বিশেষজ্ঞ মতামত ও সুপারিশের অভাব নেই। অভাব রয়েছে এমন একটি শক্তিশালী রাষ্ট্রীয় উদ্যোগের, যা প্রচলিত প্রশাসনিক সীমাবদ্ধতা অতিক্রম করে পরিবর্তন বাস্তবায়ন করতে পারবে।
প্রধানমন্ত্রী পরিবর্তন চান এবং বিষয়টি নিয়ে খোঁজখবরও নিচ্ছেন, এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু শুধু খোঁজখবর নেওয়া বা সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার মধ্যে উদ্যোগ সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না; তাঁকে এই সংস্কারের প্রত্যক্ষ উদ্যোক্তা ও নেতৃত্বের অংশীদার হতে হবে।
কারণ, স্বাস্থ্য খাতের পরিবর্তন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের দায়িত্ব। আর যে পরিবর্তন প্রচলিত প্রশাসনিক কাঠামোর মধ্যে আটকে আছে, তা বাস্তবায়নে প্রয়োজন সেই কাঠামোর ঊর্ধ্বে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় উদ্যোগ।
এখন আরেকটি সংস্কার কমিশন বা আরও কিছু সভার প্রয়োজন নেই। প্রয়োজন প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নেতৃত্বে একটি জাতীয় স্বাস্থ্য রূপান্তর কর্মসূচি, যার লক্ষ্য হবে প্রশাসনিক প্রক্রিয়া নয়, মানুষের স্বাস্থ্যসেবার বাস্তব পরিবর্তন।
ড. সৈয়দ আব্দুল হামিদ অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; আহ্বায়ক, ওয়েলবিয়িং ফার্স্ট ইনিশিয়েটিভ
মতামত লেখকের নিজস্ব
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রতিবন্ধীদের জন্য ২২ উপজেলায় পাইলট প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৪ PM · https://www.dainiksokal.com/
সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মাহ্দী আমিন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:০৮ PM · বাংলা ট্রিবিউন
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০২ PM · প্রথম আলো
স্বাস্থ্য ব্যয় মেটাতে ৪২ শতাংশ মানুষ হিমশিম খাচ্ছে
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:২১ PM · প্রথম আলো
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২৮ PM · বাংলা ট্রিবিউন
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
২৮ অক্টোবর, ২০২৬ এ ৩:০৩ AM · বাংলা ট্রিবিউন
