শাহজাদপুর সংবাদ

অমুসলিমদের জবাই করা পশুর মাংস খাওয়া কি হালাল

২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM

অমুসলিমদের জবাই করা পশুর মাংস খাওয়া কি হালাল

বর্তমান বিশ্বায়নের যুগে পড়াশোনা, চাকরি বা ব্যবসার প্রয়োজনে লাখ লাখ মুসলমান ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান কিংবা ভারতের মতো অমুসলিমপ্রধান দেশগুলোতে বসবাস করছেন।

এসব দেশে বসবাসকারী মুসলমানদের সামনে সবচেয়ে বড় দৈনন্দিন প্রশ্নটি হলো—সুপারশপ বা রেস্তোরাঁয় পাওয়া অমুসলিমদের জবাই করা মাংস খাওয়া বৈধ কি না?

ইসলামে অমুসলিমদের জবাইয়ের বিধান মূলত দুটি শ্রেণিতে বিভক্ত: ‘আহলে কিতাব’ (ইহুদি ও খ্রিষ্টান) এবং ‘আহলে কিতাব নয়’ (হিন্দু, বৌদ্ধ, অগ্নিপূজক বা নাস্তিক)।

১. যারা আহলে কিতাব নয়

তাদের জবাই করা মাংসের ক্ষেত্রে হানাফি, শাফেয়ি, মালেকি ও হাম্বলি—চার মাজহাবের ইমামদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, মুসলমান এবং আহলে কিতাব (ইহুদি ও খ্রিষ্টান) ছাড়া পৃথিবীর অন্য কোনো অমুসলিমের জবাই করা প্রাণীর মাংস খাওয়া সম্পূর্ণ হারাম।

এমনকি তারা জবাইয়ের সময় ‘বিসমিল্লাহ’ বললেও তা হালাল হবে না; বরং তা মৃত প্রাণীর (মাইতাহ) অন্তর্ভুক্ত হবে।

পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা শুধু আহলে কিতাবদের জবাই করা খাবার হালাল করেছেন, অন্য কোনো ধর্মাবলম্বীদের নয়। (সুরা মায়িদা, আয়াত: ৫)।

ইমাম কাসানি লিখেছেন, ‘জবাই বৈধ হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো জবাইকারীকে অবশ্যই মুসলমান অথবা আহলে কিতাব (ইহুদি বা খ্রিষ্টান) হতে হবে। অতএব অগ্নিপূজক, মূর্তিপূজক (পৌত্তলিক) এবং মুরতাদের (ধর্মত্যাগী) জবাই করা প্রাণী খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম।’ (আল-কাসানি, বাদায়িউস সানায়ি ফি তারতিবিশ শারায়ি, ৫/৪৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৮৬)

২. আহলে কিতাবদের জবাই

পবিত্র কোরআনের সুরা মায়িদার ৫ নম্বর আয়াতে আল্লাহ–তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ‘...আর যাদের কিতাব দেওয়া হয়েছে (ইহুদি ও খ্রিষ্টান), তাদের খাদ্য (জবাইকৃত প্রাণী) তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল...।’

এ আয়াতের আলোকে ইহুদিদের ধর্মীয় পদ্ধতিতে জবাই করা খাবার বা ‘কোশার’ মাংস সাধারণত চার মাজহাবের মতেই হালাল; কারণ ইহুদিরা জবাইয়ের সময় স্রষ্টার নাম নেয় এবং গলার রগ কেটে রক্ত প্রবাহিত করে।

তবে খ্রিষ্টানদের বা পশ্চিমা দেশগুলোর সাধারণ বাজারের মাংসের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে চার মাজহাবের ফকিহদের মধ্যে কিছু সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে:

হানাফি ও হাম্বলি মাজহাবে শর্ত

এই দুই মাজহাবের মতে, ইহুদি বা খ্রিষ্টানদের জবাই করা মাংস হালাল হওয়ার জন্য দুটি শর্ত পূরণ হওয়া আবশ্যক—

প্রথমত, প্রাণীটিকে শরিয়তসম্মত উপায়ে গলার রগ কেটে রক্ত প্রবাহিত করে জবাই করতে হবে (বৈদ্যুতিক শক দিয়ে, মাথায় আঘাত করে বা গলা টিপে হত্যা করলে তা হারাম হবে);

দ্বিতীয়ত, জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কারও (যেমন যিশুখ্রিষ্ট বা মেরির) নাম নেওয়া যাবে না।

পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশ রয়েছে, ‘যেসব প্রাণীর ওপর (জবাইয়ের সময়) আল্লাহর নাম নেওয়া হয়নি, তোমরা তা ভক্ষণ কোরো না...।’ (সুরা আনআম, আয়াত: ১২১)

বর্তমান পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক কসাইখানায় যেহেতু যন্ত্রের সাহায্যে অচেতন করে জবাই করা হয় এবং আল্লাহর নাম নেওয়া হয় না, তাই হানাফি ও হাম্বলি ফিকহ অনুযায়ী সাধারণ সুপারশপের (নন-হালাল সার্টিফায়েড) মাংস খাওয়া জায়েজ নয়।

শাফেয়ি ও মালেকি মাজহাবের অবস্থান

শাফেয়ি ফিকহ অনুযায়ী, প্রকৃত খ্রিষ্টান বা ইহুদি ব্যক্তি যদি শরিয়তসম্মত পদ্ধতিতে গলার রগ কেটে প্রাণী জবাই করে, তবে জবাইয়ের সময় সে আল্লাহর নাম উচ্চারণ না করলেও (যদি অন্য কোনো দেবতা বা যিশুর নাম না নেয়) তা হালাল হবে।

কারণ সুরা মায়িদার ৫ নম্বর আয়াতে শর্তহীনভাবে তাদের খাদ্য হালাল বলা হয়েছে। তবে এ ক্ষেত্রেও আবশ্যিক শর্ত হলো, প্রাণীটি জবাইয়ের আগেই বৈদ্যুতিক শক বা আঘাতে মারা যায়নি—তা নিশ্চিত হতে হবে।

৩. মেশিনে জবাই করা প্রাণীর বিধান

আধুনিক পশ্চিমা দেশে পশু জবাইয়ের আগে বৈদ্যুতিক শক, বোল্ট গান বা গ্যাস প্রয়োগ করে প্রাণীকে অচেতন করা হয়।

ফিকহ একাডেমিগুলোর সিদ্ধান্ত হলো, অচেতন করার প্রক্রিয়ায় যদি প্রাণীটি গলার রগ কাটার আগেই মারা যায়, তবে তা চার মাজহাবের ঐকমত্যেই মৃত প্রাণী (মাইতাহ) হিসেবে গণ্য হবে এবং খাওয়া হারাম হবে।

শুধু হালকা অচেতন অবস্থায় প্রাণীর জীবন অবশিষ্ট থাকা অবস্থায় গলার নির্ধারিত রগগুলো কাটা হলে এবং ‘বিসমিল্লাহ’ বলা হলে তা হালাল হবে।

নিরাপদ পন্থা

বর্তমান সময়ে ইউরোপ-আমেরিকার অধিকাংশ নাগরিকই কার্যত ধর্মনিরপেক্ষ বা নাস্তিক, যাঁদের আহলে কিতাবের অন্তর্ভুক্ত গণ্য করা কঠিন।

হানাফি ফকিহ ও বিচারপতি মুফতি তাকি উসমানি তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন, ‘পশ্চিমা দেশগুলোতে যেহেতু অধিকাংশ কসাই প্রকৃত ধর্মবিশ্বাসী খ্রিষ্টান নন এবং জবাইয়ের সময় শরিয়তের মূলনীতি ও আল্লাহর নাম নেওয়ার শর্তটি পালিত হয় না, তাই সেখানে শুধু বিশ্বস্ত ইসলামি প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত “হালাল” মাংস গ্রহণ করাই মুসলমানদের জন্য আবশ্যক।’ (মুহাম্মদ তাকি উসমানি, তাকমিলাতু ফাতহিল মুলহিম, ৩/৫৫০, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত)

ইমান ও ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো হালাল রিজিক।

তাই অমুসলিম দেশে বসবাসকারী বা ভ্রমণকারী মুসলমানদের উচিত সন্দেহযুক্ত সাধারণ সুপারশপ বা ফাস্টফুড দোকানের মাংস পরিহার করে নির্ভরযোগ্য ‘হালাল সার্টিফায়েড’ দোকান অথবা ইহুদিদের ‘কোশার’ মাংস গ্রহণ করা।

তা না পাওয়া গেলে মাছ ও শাকসবজির ওপর নির্ভর করা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ