সন্তানকে ভালো মুসলিম বানাতে পরিবারে যে ৬ চর্চা জরুরি
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ AM

পরিবার হলো মানুষের প্রথম শিক্ষাকেন্দ্র। সন্তান কেমন চরিত্রের হবে, কীভাবে কথা বলবে, অন্যের সঙ্গে কেমন আচরণ করবে—তার বড় অংশই সে ঘরের পরিবেশ থেকে শেখে। ইসলামে পরিবারকে মানুষের ইমান, আখলাক ও দায়িত্ববোধ গড়ে তোলার প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়েছে।
তাই পরিবারে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা শুধু ধর্মীয় কর্তব্যই নয়, বরং সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজের জন্যও অপরিহার্য।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম, আয়াত: ৬)
মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বাধীন ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)
অর্থাৎ পরিবারের প্রতিটি সদস্যের শিক্ষা, প্রতিপালন ও কল্যাণের দায়িত্ব অভিভাবকদের ওপরই ন্যস্ত।
প্রতিদিনের পারিবারিক জীবনে ইসলামি মূল্যবোধ চর্চার ছয়টি কার্যকর উপায় তুলে ধরা হলো:
১. উপদেশ নয়, নিজেই হয়ে উঠুন আদর্শ
পরিবারে মূল্যবোধ প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো বড়দের নিজেদের জীবনে তা চর্চা করা। সন্তান শুধু উপদেশ শুনে শেখে না; সে মূলত মা-বাবার আচরণ দেখেই শেখে। যে মা-বাবা নিজেরা সত্য বলেন, নিয়মিত নামাজ পড়েন, অন্যের প্রতি সৌজন্য দেখান এবং ক্ষমাশীল হন, তাঁদের সন্তান স্বাভাবিকভাবেই এসব গুণে অভ্যস্ত হয়ে ওঠে।
মুখে ভালো উপদেশ দিয়ে আচরণে তার উল্টোটা করলে সন্তানের মনে বিভ্রান্তি তৈরি হয়।
২. স্নেহ, শাসন ও খোলামেলা যোগাযোগ
সন্তান প্রতিপালনে স্নেহ ও শাসনের ভারসাম্য অত্যন্ত জরুরি। মহানবী শিশুদের প্রতি অত্যন্ত কোমল ছিলেন। একবার তিনি নাতি হাসানকে চুম্বন করলে এক ব্যক্তি বিস্মিত হয়ে বলেন, তাঁর দশটি সন্তান থাকলেও তিনি কাউকে চুম্বন করেননি। জবাবে নবীজি (সা.) বলেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৭)
কঠোরতা যেন সন্তানের মনে ভীতি তৈরি না করে, আবার অতিরিক্ত প্রশ্রয়ও যেন তাকে দায়িত্বহীন করে না তোলে। সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার প্রশ্নের উত্তর দিতে হবে এবং ভুল করলে অপমান না করে ধৈর্যের সঙ্গে শুধরে দিতে হবে।
ঘরে এমন পরিবেশ থাকতে হবে, যেখানে সন্তান নির্ভয়ে মা-বাবার সঙ্গে নিজের কথা ভাগ করে নিতে পারে।
৩. ঘরেই গড়ে তুলুন ইবাদতের পরিবেশ
পরিবারের সবাই মিলে নিয়মিত নামাজ, কোরআন পাঠ ও দোয়া-জিকিরের অভ্যাস গড়ে তুললে তা সন্তানের স্বাভাবিক জীবনে মিশে যায়।
নবীজি বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজের ব্যাপারে তাদের শাসন করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫)
ইবাদতের পাশাপাশি ঘরে জ্ঞানচর্চার পরিবেশও তৈরি করতে হবে। আল্লাহ বলেন, ‘বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ (সুরা জুমার, আয়াত: ৯)
সন্তানকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় জাগতিক জ্ঞানেও দক্ষ করে তুলতে হবে। ঘরে বই পড়া, গঠনমূলক আলোচনা ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করলে সন্তান চিন্তাশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে ওঠে।
৪. পারস্পরিক সম্মান ও ক্ষমার সংস্কৃতি
স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তান—পরিবারের ছোট-বড় সবার মধ্যে পারস্পরিক সম্মান ও সৌজন্য থাকা জরুরি। মহানবী বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
একই ছাদের নিচে বসবাস করলে ভুল-বোঝাবুঝি বা মতবিরোধ হওয়া স্বাভাবিক। কিন্তু তা নিয়ে দীর্ঘদিন সম্পর্ক তিক্ত করে রাখা উচিত নয়।
কোরআনে বলা হয়েছে, ‘আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে।’ (সুরা শুরা, আয়াত: ৪০)
ক্ষমা ও সহমর্মিতার এই চর্চাই একটি পরিবারকে শান্তির নীড় করে তোলে।
৫. সততা, আমানতদারি ও পরিমিত ব্যয়
মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যের হক নষ্ট করা যে বড় অন্যায়—এই বোধ ছোটবেলা থেকেই সন্তানের ভেতর তৈরি করতে হবে। মহানবী (সা.) বলেছেন, ‘যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান পূর্ণাঙ্গ নয় এবং যে অঙ্গীকার রক্ষা করে না, তার দ্বিন পূর্ণাঙ্গ নয়।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১২৫৬৭)
একই সঙ্গে পরিবারের অর্থ উপার্জন ও ব্যয়েও ইসলামি নীতি মেনে চলা জরুরি। হালাল উপার্জন, অপচয় পরিহার এবং অভাবীদের পাশে দাঁড়ানোর অভ্যাস ঘর থেকেই শুরু হওয়া উচিত।
কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ‘তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না; বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।’ (সুরা ফুরকান, আয়াত: ৬৭)
আর নবীজি (সা.) বলেছেন, ‘উত্তম সদকা হলো সামর্থ্য অনুযায়ী দান করা। আর যাদের ভরণপোষণের দায়িত্ব তোমার ওপর, তাদের দিয়ে শুরু করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৬৭৭)
৬. ঘরের বাইরেও থাকুক দায়িত্ববোধ
পরিবারে মূল্যবোধের শিক্ষা শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সন্তানকে সমাজের প্রতিও দায়িত্বশীল করে তুলতে হবে। প্রতিবেশীর খোঁজ নেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার শিক্ষা ঘর থেকেই দেওয়া প্রয়োজন।
মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৩)
এই শিক্ষার আলোকে বেড়ে ওঠা সন্তানই একদিন পরিবার ও সমাজের প্রকৃত সম্পদ হয়ে উঠবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ফেরেশতা জিবরাইল: কীভাবে সৃষ্টি, কেমন গঠন, কী তাঁর দায়িত্ব
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
হজযাত্রীরা মেনিনজাইটিস-ইনফ্লুয়েঞ্জা টিকা কোথায় নেবেন, কেন্দ্রের তালিকা প্রকাশ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১ PM · বাংলা ট্রিবিউন
