শাহজাদপুর সংবাদ

কেয়ামতের দিনের ৩ দল মানুষ: কোন দলে আপনি

২০ নভেম্বর, ২০২৬ এ ২:০০ PM

কেয়ামতের দিনের ৩ দল মানুষ: কোন দলে আপনি

ফলাফল প্রকাশের দিন, নোটিশ বোর্ডের সামনে ভিড় ঠেলে এগোচ্ছেন আপনি। বুক ধকধক করছে। তিনটি লম্বা তালিকা ঝুলছে। একটিতে সবার ওপরে যাঁদের নাম, তাঁদের দিকে সবাই আঙুল তুলে দেখাচ্ছে।

একটিতে পাস করা মানুষেরা হাসিমুখে বেরিয়ে আসছে। আর তৃতীয় তালিকার সামনে কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে আছে।

আপনি কোন তালিকায় নিজের নাম খুঁজছেন?

দুনিয়ার ফল বদলানো যায়, পরের বছর আবার পরীক্ষা দেওয়া যায়। কিন্তু পবিত্র কোরআন এমন এক দিনের কথা বলে, যেদিন মানুষ সত্যিই তিন দলে ভাগ হবে। সেই তালিকা কোথায় ঝোলানো হবে, আমরা জানি না।

তবে কোন দল কেমন, তা আল্লাহ আগেই বলে দিয়েছেন। চলুন, ধাপে ধাপে দেখি।

সুরা ওয়াকিয়ার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা হবে তিন দল।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৭)

এরপর তিনি দলগুলোর পরিচয় তুলে ধরেছেন।

প্রথম দল অগ্রগামীরা: ‘আর অগ্রগামীরা তো অগ্রগামীই। তারাই নৈকট্যপ্রাপ্ত।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ১০-১১)

একটা বিষয় খেয়াল করুন, ‘অগ্রগামী’ শব্দটি এখানে দুবার বলা হয়েছে। আরবিতে এভাবে একই শব্দ পরপর এলে বোঝানো হয়, এদের মর্যাদা এমন—যা কথায় প্রকাশ করা কঠিন।

ইমাম ইবনে কাসির লিখেছেন, দুনিয়ায় যাঁরা আল্লাহর হুকুম পালনে এগিয়ে ছিলেন, পরকালে তাঁরা সবচেয়ে ওপরের স্তরে থাকবেন। তাঁদের মধ্যে আছেন নবী, সত্যবাদী ও শহিদেরা। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৭/৫১৭, দারু তায়্যিবাহ, রিয়াদ, ১৯৯৯)

এই দলের সংখ্যা নিয়ে আয়াতে বলা হয়েছে, ‘অনেকে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অল্প কিছু পরবর্তীদের মধ্য থেকে।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ১৩-১৪)

‘পূর্ববর্তী’ আর ‘পরবর্তী’ কারা, তা নিয়ে আলেমদের একাধিক ব্যাখ্যা আছে। ইবনে কাসির নিজের পছন্দের ব্যাখ্যা হিসেবে বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মানুষেরা আর পরের যুগের মানুষেরা। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৭/৫১৮)

যে ব্যাখ্যাই নিই, ইঙ্গিতটা পরিষ্কার—পথটা কঠিন, আর পথে ভিড় কম।

দ্বিতীয় দল ডান হাতের লোকেরা: ‘আর ডান হাতের লোকেরা, কত সৌভাগ্যবান ডান হাতের লোকেরা!’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ২৭)

তাঁদের জন্য আছে কাঁটাহীন কুলগাছ, থরে থরে সাজানো ফল আর দীর্ঘ ছায়া। তাফসিরে এসেছে, বেহেশতের বেশির ভাগ মানুষ এই দলের। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৭/৫২৩)

অর্থাৎ অগ্রগামী না হতে পারলেও হতাশ হওয়ার কিছু নেই। এই দলে থাকাও আল্লাহর অনেক বড় অনুগ্রহ।

তৃতীয় দল বাম হাতের লোকেরা: ‘আর বাম হাতের লোকেরা, কত হতভাগ্য বাম হাতের লোকেরা!’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৪১)

তাদের ঠিকানা উত্তপ্ত বাতাস আর ফুটন্ত পানি। কারণ কী? ‘নিশ্চয়ই তারা এর আগে ছিল বিলাসিতায় মগ্ন।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৪৫)

আরাম নিজে দোষের নয়। বিপদ তখন, যখন আরামে ডুবে মানুষ আল্লাহকে ভুলে যায়।

আবু বকর (রা.) একদিন নবীজিকে বললেন, ‘আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন!’ নবীজি (সা.) বললেন, ‘আমাকে বৃদ্ধ করে দিয়েছে সুরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন ও ইজাশ শামসু কুওয়িরাত।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩২৯৭)।

অগ্রগামী হওয়া মানে কী, তা বোঝার জন্য একটি দৃশ্য মনে করুন। ওমর (রা.) বলেন, একদিন নবীজি আমাদের দান করতে বললেন। তখন আমার হাতে ভালো সম্পদ ছিল। আমি মনে মনে ভাবলাম, আজ আবু বকরকে ছাড়িয়ে যাব। আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এলাম।

নবীজি জিজ্ঞেস করলেন, ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ আমি বললাম, ‘এর সমান।’ এরপর আবু বকর (রা.) নিয়ে এলেন তাঁর যা কিছু ছিল সবকিছু। নবীজি জিজ্ঞেস করলেন, ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ তিনি বললেন, ‘তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসুলকে রেখে এসেছি।’

ওমর বলেন, তখন আমি বুঝলাম, আমি কখনোই তাঁকে কোনো বিষয়ে ছাড়িয়ে যেতে পারব না। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৬৭৫)।

এই দৃশ্যে একটা সুন্দর কথা আছে। ওমরও কিন্তু কম ছিলেন না; তিনি নিজের সম্পদের অর্ধেক এনেছিলেন। অগ্রগামীদের দৌড়টা তাই ভালো মানুষদের মধ্যেই হয়। আর সেই প্রতিযোগিতা হয় আল্লাহর জন্য কে কত বেশি ত্যাগ করতে পারে, তা নিয়ে।

আজ রাত থেকেই শুরু করা যায়, ইনশাআল্লাহ:

নিজের তালিকা বানান: একটি কাগজে লিখুন, আপনার প্রতিদিনের কাজের কত অংশ আল্লাহর জন্য আর কত অংশ শুধু আরামের জন্য। হিসাবটা দেখে নিজেই বুঝবেন, আপনার জীবনের মোড় কোন দিকে।

একটি বাড়তি আমল: আগে যা করতেন না, এমন একটি ভালো কাজ আজ শুরু করুন। হতে পারে সকালের দুই রাকাত নফল, কিংবা প্রতিদিন একজন অভাবীকে কিছু দেওয়া। অগ্রগামী হওয়ার শুরুটা আবু বকর (রা.)-এর মতো সবকিছু দিয়ে নয়, একটি ছোট পদক্ষেপ দিয়ে।

সুরা ওয়াকিয়া অর্থসহ পড়া: এ সপ্তাহে একবার অর্থসহ সুরাটি পড়ুন। যে আয়াতে মন কাঁপে, সেখানে থেমে যান। মহানবী (সা.) এই সুরার কারণে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

আরামে আল্লাহকে মনে রাখা: নতুন কিছু পেলে—ভালো খাবার, নতুন পোশাক কিংবা ভালো খবর—প্রথমে বলুন, ‘আলহামদুলিল্লাহ’। বিলাসিতার বিপদ থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় এটাই।

আল্লাহ আমাদের অগ্রগামী না হলেও অন্তত ডান হাতের লোকদের দলে রাখুন। আমিন।

মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন প্রভাষক, আধুনিক ভাষা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ