আল্লাহ অহংকার ও অহংকারীকে পছন্দ করেন না
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ AM

আল্লাহ তায়ালার কাছে ‘অহংকার’ একেবারেই অপছন্দনীয়। পাশাপাশি অহংকারী ব্যক্তিকেও তিনি পছন্দ করেন না। এটি একটি নিকৃষ্ট স্বভাব ও বদঅভ্যাস।
অহংকারের প্রকৃত অর্থ হলো, নিজেকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করা এবং অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা। ধন-সম্পদ, অর্থবিত্ত, সৌন্দর্য ও জায়গা-জমি নিয়ে গর্ব করার মাধ্যমে অহংকারের সৃষ্টি হয়। এ ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে।
অহংকারী ব্যক্তিকে আল্লাহ তায়ালা পছন্দ করেন না। এ জন্য রাসুল (সা.) মিনতি করে মহান আল্লাহর উদ্দেশে বলেন, ‘হে আল্লাহ! আমি অহংকারের দম্ভ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’
রাসুল (সা.) এর কাছে জানতে চাওয়া হলো— ‘হে আল্লাহর রাসুল! অহংকার কী?’ তিনি বললেন, ‘অহংকার হলো, মানুষ আল্লাহ তায়ালার সামনে নিজের মাথা অবনত না করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা।’
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘হে ইবলিস! তোমার কী হলো যে, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?’
ইবলিস বললো, ‘আমি এমন মানুষকে সিজদা করবো না, যাকে আপনি পচা কাদা থেকে সৃষ্ট শুষ্ক ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন।’
আল্লাহ তায়ালা বললেন, ‘তাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি অভিশপ্ত। কিয়ামত দিবস পর্যন্ত তোমার ওপর অভিশাপ থাকবে।’ (সুরা হিজর)
অহংকার এমন এক পাপ, যা পাপীকে আল্লাহর দিকে ফিরে আসতে বাধা দেয়। ফলে সে নিজের পাপের ওপর অবিচল থাকে এবং একপর্যায়ে ধ্বংস হয়ে যায়। যেমন– শয়তান তার অহংকারের ওপর অটল থেকে ধ্বংসের পথ বেছে নিয়েছিল।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’
এ কথা শুনে এক ব্যক্তি আরজ করলেন, ‘মানুষ তো পছন্দ করে যে, তার পোশাক সুন্দর হোক এবং জুতাও উন্নত মানের হোক। এটিও কি অহংকারের অন্তর্ভুক্ত?’
নবী করিম (সা.) বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্য ও পরিচ্ছন্নতা পছন্দ করেন। এগুলো অহংকার নয়। অহংকার হলো, ঔদ্ধত্যের কারণে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪৭)
হজরত সালামা ইবনে আকওয়া (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মানুষ সর্বদা নিজেকে বড় মনে করতে থাকে। একপর্যায়ে তাকে অহংকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সে অহংকারীদের শাস্তির উপযুক্ত হয়ে যায়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২০০৭)
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘জাহান্নাম ও জান্নাতের মধ্যে কথোপকথন হলো। জাহান্নাম বললো, আমার মধ্যে অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের প্রবেশ করানো হয়েছে। জান্নাত বললো, আমার মধ্যে কেবল দুর্বল, বিনয়ী ও নম্র ব্যক্তিরাই প্রবেশ করেছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮৫০)
হজরত সাওবান (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি অহংকার, খেয়ানত ও ঋণমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৫৭৮)
অহংকার মানুষকে উত্তম চরিত্র ও নৈতিক গুণাবলি থেকে বিরত রাখে। অহংকার কেন সৃষ্টি হয় কিংবা এর কারণগুলো কী? আলেমরা অহংকারের কারণ হিসেবে হিংসা, বিদ্বেষ, অন্তরের শত্রুতা, আত্মগর্ব ও লোকদেখানো মনোভাবের কথা উল্লেখ করেছেন।
কোনও ব্যক্তি যখন সম্পদ, জ্ঞান, সৌন্দর্য কিংবা পদমর্যাদার ক্ষেত্রে অন্যের প্রতি হিংসা অনুভব করে, তখন অনেক সময় অহংকারের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করে।
একইভাবে, যখন কোনও ব্যক্তি নিজের অন্তরে অন্য কারও প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ করে, তখন তা-ও তার অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। নিজের প্রবৃত্তির প্রতি অতিরিক্ত আসক্তি অর্থাৎ আত্মপ্রীতি ও আত্মগর্বও অহংকারের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। একইভাবে লোকদেখানো আমল বা রিয়াকারিও অহংকারের কারণগুলোর অন্তর্ভুক্ত।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (সহিহ মুসলিম)
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘সম্মান আমার ইজার (দেহের নিম্নভাগে পরিধেয় বস্ত্র) এবং বড়ত্ব আমার চাদর। সুতরাং যে ব্যক্তি এ দুটির কোনও একটিতে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি তাকে শাস্তি দেবো।’ (সহিহ মুসলিম)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, (হাদিসের) মর্মার্থ হলো, তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয় এবং তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে। মুক্তিদানকারী বিষয়গুলো হলো– সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে ভয় করা; চাই সে একাকী থাকুক কিংবা মানুষের সঙ্গে থাকুক। সর্বাবস্থায়, অর্থাৎ সুখ-দুঃখ ও আনন্দ-বেদনায় সত্য ও ন্যায় কথা বলা এবং সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা; চাই তার ধন-সম্পদ বেশি হোক কিংবা কম।
অন্যদিকে ধ্বংসাত্মক বিষয়গুলো হলো– প্রবৃত্তির কামনা-বাসনার অনুসরণ করা, লোভ-লালসার পেছনে ছোটা এবং আত্মগর্বে নিমজ্জিত হওয়া। শেষোক্ত বিষয়টি প্রথম দুটি বিষয়ের তুলনায় অধিক ধ্বংসাত্মক। একেই আত্মমুগ্ধতা বলা হয়। (শুআবুল ঈমান)
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফেরেশতা জিবরাইল: কীভাবে সৃষ্টি, কেমন গঠন, কী তাঁর দায়িত্ব
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
হজযাত্রীরা মেনিনজাইটিস-ইনফ্লুয়েঞ্জা টিকা কোথায় নেবেন, কেন্দ্রের তালিকা প্রকাশ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১ PM · বাংলা ট্রিবিউন
