শাহজাদপুর সংবাদ

টুথব্রাশ দিয়ে দাঁত মাজা কি সুন্নতের পরিপন্থী

১৮ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM

টুথব্রাশ দিয়ে দাঁত মাজা কি সুন্নতের পরিপন্থী

মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা রক্ষা করা ইসলামে গুরুত্বপূর্ণ একটি সুন্নত। মহানবী (সা.) নিজে নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন এবং উম্মতকেও এর প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। আধুনিক যুগে মিসওয়াকের পাশাপাশি টুথব্রাশ ও টুথপেস্টের ব্যবহার সর্বজনীন হয়ে উঠেছে।

এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে—টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে কি সুন্নত আদায় হয়, নাকি এটি নবীজির সুন্নতের পরিপন্থী? বিশ্লেষণ করা হলো।

ফিকহের (ইসলামি বিধানশাস্ত্র) একটি মৌলিক নীতি হলো, যেকোনো ইবাদত ক্ষেত্রে উপকরণের চেয়ে তার ‘মাকসাদ’ (মূল উদ্দেশ্য) বেশি গুরুত্বপূর্ণ। মিসওয়াকের সুন্নতের মূল উদ্দেশ্য হলো দাঁতের হলদে ভাব দূর করা, মুখের দুর্গন্ধ নাশ করা এবং মুখগহ্বরকে পবিত্র রাখা।

রাসুল (সা.) মিসওয়াকের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনকারী এবং রবের সন্তুষ্টি লাভের মাধ্যম।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৫)

আরেকটি হাদিসে এসেছে, ‘আমার উম্মতের ওপর যদি কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রতিটি নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৭)

ফিকহবিদদের সিদ্ধান্ত হলো, টুথব্রাশ দিয়ে দাঁত মাজা মোটেও সুন্নতের পরিপন্থী নয়; বরং কেউ যদি সুন্নতের নিয়তে টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার করেন, তবে মিসওয়াকের মূল সুন্নতটি আদায় হয়ে যাবে এবং তিনি সওয়াবের অধিকারী হবেন।

মিসওয়াকের ক্ষেত্রে উত্তম হলো পিলু (আরাক) বা জয়তুনগাছের ডাল ব্যবহার করা। তবে এগুলো না পাওয়া গেলে যেকোনো গাছের ডাল, এমনকি আঙুল বা খসখসে কাপড় দিয়ে দাঁত মাজলেও মিসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ১/১১৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

যেহেতু আঙুল বা কাপড় দিয়েও সুন্নত আদায় হয়, তাই আধুনিক ও অধিক কার্যকর উপকরণ হিসেবে টুথব্রাশ ব্যবহার করলে সুন্নত আদায় হওয়ার বিষয়টি আরও বেশি যুক্তিযুক্ত।

টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে সুন্নতের মূল সওয়াব পাওয়া গেলেও ফকিহদের মতে, সরাসরি গাছের ডালের (বিশেষত পিলু বা জয়তুনগাছের) মিসওয়াক ব্যবহার করা ‘আফদাল’ (অধিক উত্তম)। এর দুটি কারণ রয়েছে:

এক. রাসুল (সা.) সরাসরি এই ডাল ব্যবহার করেছেন। তাই হুবহু সেই উপকরণ ব্যবহার করলে হুবহু অনুসরণের (ইত্তেবায়ি সুন্নত) অতিরিক্ত সওয়াব পাওয়া যায়।

দুই. আধুনিক দন্তচিকিৎসাবিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে পিলুগাছের মিসওয়াকে প্রাকৃতিক ফ্লোরাইড, সিলিকা এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা মাড়িকে শক্ত রাখে এবং টুথপেস্ট ছাড়াই দাঁতের ক্ষয় রোধ করে।

সাধারণ সময়ে টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ ও সুন্নতসম্মত হলেও রোজা অবস্থায় এর বিধানে কিছুটা সতর্কতা রয়েছে। রোজা রেখে শুকনো বা ভেজা মিসওয়াক ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ এবং সুন্নত।

কিন্তু রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করা মাকরুহ (অপছন্দনীয়); কারণ, পেস্টের স্বাদ বা অংশ গলার ভেতরে চলে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে, যা রোজা ভেঙে দিতে পারে। তবে পেস্ট ছাড়া শুধু টুথব্রাশ বা মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না।

ইসলাম কখনোই আধুনিক বিজ্ঞান বা স্বাস্থ্যকর উপকরণের বিরোধী নয়। একজন সচেতন মুমিনের জন্য সর্বোত্তম পন্থা হলো, সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর আগে স্বাস্থ্যকর উপায়ে ভালোভাবে দাঁত পরিষ্কার করা।

পাশাপাশি অজুর সময় বা পাঁচ ওয়াক্ত নামাজের আগে পকেটে রাখা একটি ছোট মিসওয়াক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। এতে স্বাস্থ্যসুরক্ষা এবং নবীজির হুবহু সুন্নত অনুসরণ—উভয়ই পূর্ণাঙ্গভাবে অর্জিত হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ