সূর্যও কি সেজদা করে: কেন ও কীভাবে
১৭ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ PM

প্রতিদিন সকালে সূর্য ওঠে পৃথিবীকে আলোকিত করে। সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যায়। মানুষের কাছে এটি প্রকৃতির অতিপরিচিত একটি ঘটনা। যুগ যুগ ধরে মানুষ সূর্যোদয় ও সূর্যাস্তের এই নিয়মিত আবর্তন দেখে আসছে।
কিন্তু এই পরিচিত দৃশ্যের আড়ালে রয়েছে এক গভীর আধ্যাত্মিক সত্য। সূর্য প্রতিদিন আল্লাহর কাছে সেজদা করে!
কোরআন ও হাদিসের বর্ণনায় এর যে চিত্র উঠে এসেছে, তা সৃষ্টিজগতের প্রতি আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও প্রতিটি সৃষ্টির আনুগত্যের এক বিস্ময়কর নিদর্শন।
সূর্যের মতো বিশাল এক মহাজাগতিক সৃষ্টিও যখন তার স্রষ্টার নির্দেশের অধীন, তখন মানুষের জীবনে স্রষ্টার আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়।
সৃষ্টিজগতের প্রতিটি উপাদানের সঙ্গে তার স্রষ্টার এক বিশেষ সম্পর্ক রয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর সামনে সেজদাবনত হয়।
আল্লাহ–তাআলা বলেন, ‘তুমি কি দেখো না, আল্লাহকে সেজদা করে যারা আকাশমণ্ডলীতে আছে এবং যারা পৃথিবীতে আছে; সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের অনেকে।’ (সুরা হজ, আয়াত: ১৮)
সূর্যের প্রতিদিনের সেজদা সম্পর্কে নবীজি একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। আবু জর (রা.) থেকে বলেন, একদিন সূর্য অস্ত যাওয়ার সময় নবীজি তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি জানো, সূর্য কোথায় যায়?’ তিনি বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।’
তখন রাসুল (সা.) বললেন, ‘সূর্য চলতে থাকে, অবশেষে আরশের নিচে গিয়ে সেজদা করে। এরপর আবার উদয়ের অনুমতি প্রার্থনা করে এবং তাকে অনুমতি দেওয়া হয়। একসময় এমন দিন আসবে, যেদিন তাকে আর উদয়ের অনুমতি দেওয়া হবে না। তাকে যেখান থেকে এসেছে, সেখানেই ফিরে যেতে বলা হবে। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি কিয়ামতের অন্যতম নিদর্শন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩১৯৯; সহিহ মুসলিম, হাদিস: ১৫৯)
আল্লাহর প্রতিটি সৃষ্টি নিজ নিজ পদ্ধতিতে তাঁর আনুগত্য ও পবিত্রতা ঘোষণা করে। মানুষের জ্ঞান দিয়ে সৃষ্টিজগতের সবকিছুর প্রকৃতি ও কার্যপদ্ধতি জানা সম্ভব নয়।
পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা বলেন, ‘সপ্তাকাশ, পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কিছু নেই, যা তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে না। কিন্তু তোমরা তাদের পবিত্রতা ঘোষণা বুঝতে পারো না।’ (সুরা ইসরা, আয়াত: ৪৪)
এখানে সেজদার বিষয়টিকেও একইভাবে উপলব্ধি করা প্রয়োজন। সূর্যের সেজদা সত্য, তবে তার প্রকৃতি মানুষের সেজদার মতো কি না, তা নির্দিষ্ট করে বলার মতো জ্ঞান আমাদের নেই। তাই এ বিষয়ে অহেতুক কল্পনা না করে কোরআন-হাদিসের বক্তব্যের ওপর বিশ্বাস রাখাই মুমিনের কাজ।
আরশ হলো সৃষ্টিজগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সূর্য আরশের নিচে সেজদা করে এর মাধ্যমে স্রষ্টার প্রতি তার পূর্ণ আনুগত্য প্রকাশ করে। সূর্য যত বিশালই হোক, তার নিজস্ব কোনো স্বাধীন ক্ষমতা নেই। তার আলো, তাপ, গতি এবং অস্তিত্ব সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন।
সূর্য পৃথিবীর তাপমাত্রা ও জলবায়ুর ভারসাম্য রক্ষার প্রধান নিয়ামক। অথচ সেই সূর্যও নিজের ইচ্ছেমতো চলতে পারে না, সে তার স্রষ্টার নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারে না।
একসময় সূর্যের গতিপথ বদলে দেওয়া হবে। সেদিন পূর্ব দিকে উদিত হওয়ার অনুমতি থাকবে না। তাকে পশ্চিম দিক থেকে উদিত হতে বলা হবে।
রাসুল (সা.) বলেছেন, ‘সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, আর লোকজন তা প্রত্যক্ষ করবে, তখন সকলেই ইমান নিয়ে আসবে।’
সে সম্পর্কেই আল্লাহ–তাআলার বাণী, ‘সেদিন তার ইমান কাজে আসবে না, ইতিপূর্বে যে ব্যক্তি ইমান আনেনি, কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫০৬)
সূর্যের প্রতিদিনের সেজদা করা আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে:
মানুষের কাছে সূর্য অত্যন্ত বিশাল ও শক্তিশালী মনে হলেও সে আল্লাহর এক অনুগত সৃষ্টিমাত্র। সৃষ্টিজগতের কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে নয়।
সূর্যের উদয়-অস্ত, চন্দ্রের গতিপথ—সবকিছুই মহান স্রষ্টার পরিকল্পনা ও নিয়ন্ত্রণের পরিচয় বহন করে।
পৃথিবীর কোনো নিয়ম চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে মুহূর্তেই পরিচিত জগতের নিয়মে পরিবর্তন আনতে পারেন। সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়ার ঘটনা তারই একটি নিদর্শন।
সৃষ্টিজগতের সবচেয়ে উজ্জ্বল ও বিশাল বস্তুটিও তার স্রষ্টার মুখাপেক্ষী। সুতরাং সূর্যোদয় ও সূর্যাস্ত শুধু সময় পরিবর্তনের বার্তা নয়; বরং চিন্তাশীল মানুষের জন্য স্রষ্টার মহত্ত্ব উপলব্ধির মহা সুযোগ।
মাহমুদ হাসান ফাহিম : আলেম ও লেখক
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
১৬ নভেম্বর, ২০২৬ এ ৮:২০ PM · বাংলা ট্রিবিউন
সমকালের সংস্কৃতি: নবীজি যেভাবে গ্রহণ, বর্জন ও পরিমার্জন করেছেন
১৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
