যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে
১৭ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

হিজরতের পর মহানবী (সা.) যখন মদিনায় পৌঁছান, তখন তাঁকে একনজর দেখার জন্য মানুষ ছুটে আসে। তাঁদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম (রা.)। তিনি বলেন, ‘নবীজির চেহারা দেখেই বুঝতে পারছিলাম, এটি কোনো মিথ্যাবাদীর চেহারা নয়।’
সেদিন মানুষের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেই নবীজি চারটি কাজের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘তোমরা সালামের প্রচলন করো, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করো।’
এরপর তিনি সুসংবাদ দিয়ে বলেন, এসব আমল মানুষকে শান্তি ও নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশের পথ দেখায়। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৮৫)
হাদিসে বর্ণিত এই ৪টি জান্নাতি আমলের তাৎপর্য নিচে আলোচনা করা হলো:
সালাম ইসলামের অন্যতম সুন্দর সামাজিক শিক্ষা। এর মাধ্যমে একজন মুসলিম অন্যের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। সালাম শুধু সম্ভাষণ নয়, এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করারও মাধ্যম। এর মাধ্যমে মানুষের অহংকার ও সংকীর্ণতা দূর হয় এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা তৈরি হয়।
পরিচিত-অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা মুমিনের বৈশিষ্ট্য। কেউ সালাম দিলে সুন্দরভাবে তার জবাব দেওয়া আবশ্যক। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘কেউ সালাম দিলে তার চেয়ে উত্তমভাবে অথবা অন্তত অনুরূপভাবে উত্তর দিতে হবে।’ (সুরা নিসা, আয়াত: ৮৬)
ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া যেমন মানবিক দায়িত্ব, তেমনি এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনে সৎকর্মশীলদের প্রশংসা করে বলা হয়েছে, ‘তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দান করে।’ (সুরা দাহর, আয়াত: ৮)
খাবার খাওয়ানোর ক্ষেত্রে আত্মীয়-অনাত্মীয় কিংবা ধনী-গরিবের পার্থক্য করা অনুচিত। তবে অভাবগ্রস্ত ও অসহায় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া জরুরি। খাবার দানের জন্য দামি বা বিশেষ কোনো খাবারের প্রয়োজন নেই, নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য খাবারও আন্তরিকতার সঙ্গে দেওয়া যেতে পারে।
কোনো উপহার বা খাবারকে তুচ্ছ মনে করতে নবীজি নিষেধ করেছেন। এমনকি প্রতিবেশীর পক্ষ থেকে সামান্য কিছু পেলেও তা অবজ্ঞা করতে তিনি বারণ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ২৫৬৬)
ইসলামে মানুষের পাশাপাশি পশুপাখির প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা রয়েছে। তাই কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়াও অনেক সওয়াবের কাজ।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সদাচরণ, খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে সহযোগিতা করা এর অন্তর্ভুক্ত।
হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৩৮)
অন্যদিকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক অপরাধ। মহানবী (সা.) জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন, যার শাস্তি অনেক সময় দুনিয়াতেই শুরু হয়ে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯০২)
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সুফলও অনেক। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং জীবনে বরকত আসে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধির প্রত্যাশা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)
রাতের নির্জনতায় ঘুম থেকে জেগে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া প্রকৃত মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম।
পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের প্রশংসা করে বলেছেন, ‘তারা রাতের বেলা বিছানা ছেড়ে ভয় ও আশা নিয়ে নিজেদের প্রতিপালককে ডাকে।’ (সুরা সাজদা, আয়াত: ১৬)
মহানবী (সা.) রাতের নামাজের প্রতি বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তিনি এমন ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছেন, যিনি রাতে উঠে নামাজ আদায় করেন এবং পরিবারের অন্য সদস্যকেও ইবাদতের জন্য জাগিয়ে দেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৫০)
আরেক হাদিসে রাতের শেষ তৃতীয়াংশে বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, ‘কে এমন আছে, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে, আমার কাছে চাইবে? আমি তাকে তা দেব। কে আছ এমন, যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৪৫)
লক্ষণীয় বিষয় হলো, এই হাদিসের প্রথম তিনটি আমল সরাসরি মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত, আর চতুর্থ আমলটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দৃঢ় করার মাধ্যম। এর মাধ্যমে বোঝা যায়, প্রকৃত মুমিনের জীবন শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ থাকে না; বরং সে মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ সাধনেও সচেতন হয়।
সালামের মাধ্যমে সমাজে শান্তি ছড়ায়, খাবার খাওয়ানোর মাধ্যমে ক্ষুধার্তের কষ্ট লাঘব হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়, আর রাতের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে।
ইসলাম এভাবেই ইবাদত ও মানবিকতার মধ্যে এক চমৎকার সমন্বয় ঘটিয়েছে।
মাহমুদ হাসান ফাহিম : আলেম ও লেখক
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
১৬ নভেম্বর, ২০২৬ এ ৮:২০ PM · বাংলা ট্রিবিউন
সমকালের সংস্কৃতি: নবীজি যেভাবে গ্রহণ, বর্জন ও পরিমার্জন করেছেন
১৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
