শাহজাদপুর সংবাদ

৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM

৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং

বিজেপির প্রতি অসন্তোষের কথা জানিয়ে দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেছেন, পাঞ্জাব নিয়ে নিজের মতামত ও অনুভূতির কথা দলীয় নেতাদের জানানো তার দায়িত্ব। এর অর্থ এই নয় যে তিনি বিজেপি ছাড়ছেন।

শুক্রবার সাবেক ক্রিকেটার বিষাণ সিং বেদির স্মরণে প্রকাশিত ‘বিষাণ উইথ লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সাবেক ক্রিকেটার কপিল দেব, সৈয়দ কিরমানি ও মদন লালসহ অনেকে উপস্থিত ছিলেন।

অমরিন্দর সিং বলেন, তিনি ৮৪ বছর বয়সী হলেও এখনও নিজেকে বৃদ্ধ মনে করেন না। এ প্রসঙ্গে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের উদাহরণ দেন।

পাঞ্জাবের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ সময়ে মানুষের প্রয়োজন। তবে নিজের কঠিন সময় চলছে বললেও এর বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট, এমন প্রশ্নের জবাবে অমরিন্দর সিং বলেন, তিনি পাঞ্জাবের রাজনীতিতে ৬০ বছর কাটিয়েছেন। পরে আসা কিছু মানুষ এক বছরও রাজনীতিতে না থেকে পাঞ্জাবের পরিস্থিতি নিয়ে তাদের মতামত দিচ্ছেন। অথচ দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি।

তিনি বলেন, বিজেপি নেতাদের কাছে নিজের মতামত ও অনুভূতি জানানো তার দায়িত্ব। কংগ্রেস বা বিজেপি কোনও দলেই নিজেকে অপ্রাসঙ্গিক মনে করেননি বলেও জানান তিনি।

অমরিন্দর সিং বলেন, রাজনৈতিক দল পরিবর্তন নতুন কিছু নয়। কংগ্রেসে থাকার সময় অপারেশন ব্লু স্টারের কারণে তিনি অকালি দলে গিয়েছিলেন এবং পরে আবার কংগ্রেসে ফিরেছিলেন। তবে বর্তমান অসন্তোষের কারণে তিনি বিজেপি ছেড়ে অন্য কোনও দলে যোগ দেবেন এমন সিদ্ধান্ত নেননি। এর আগে অমরিন্দর সিং বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে ফিরতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ