যুক্তরাষ্ট্রে ঝড়বৃষ্টিতে একজনের মৃত্যু, হাজারো মানুষ বিদ্যুৎহীন, ফ্লাইট চলাচলে বিঘ্ন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো একজনের মৃত্যুর খবর জানিয়েছে।
নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া—তিনটি শহরই ‘নরইস্টার’-এর (উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে দেওয়া নাম) প্রভাবে পড়েছিল। এদিকে কর্তৃপক্ষ সম্ভাব্য বড় ধরনের বন্যা ও সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, গতকাল বিকেলে উত্তর–মধ্য আটলান্টিক এবং দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের কাছে ঝড়টি অবস্থান করছিল। সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল।
পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে। আর রোববার সকাল নাগাদ ওই অঞ্চলে ঝড়টির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।
পূর্ণিমার কারণে সপ্তাহজুড়ে একাধিক জোয়ারের সময় মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে এনডব্লিউএস। এ জন্য উপকূলীয় এলাকাগুলোয় বড় ধরনের বন্যার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় গতকাল শক্তিশালী ঝড় আঘাত হেনেছে।
এক সংবাদ ব্রিফিংয়ে গভর্নর ক্যাথি বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এ সপ্তাহান্তে কেউ পানিতে বা পানির কাছাকাছি গেলে আক্ষরিক অর্থেই নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন।
ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকম এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
গভর্নর ক্যাথি বলেন, কিছু এলাকায় ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই প্রয়োজন না হলে বাসিন্দাদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝড়বৃষ্টির কারণে গতকাল সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলেই ফ্লাইট চলাচলে দেরি হচ্ছিল বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।
জেট ব্লু, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইনসসহ বড় কয়েকটি বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়া ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা জড়ো হয়েছেন। ঝোড়ো বাতাসের কারণে সংবাদমাধ্যমগুলোকে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে থাকা সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
হিটলার কি তাঁর ভাগনিকে খুন করেছিলেন, ৯৫ বছর পর উঠল প্রশ্ন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৬ PM · প্রথম আলো
৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম সফল ফায়ার ফাইটার, নাম গিনেসে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৮ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ AM · প্রথম আলো
মণিপুর রাজ্যে সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
মুর্শিদাবাদে বাবা ও তিন ছেলেকে আটকের পর বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে, দাবি মানবাধিকার সংস্থার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৮ AM · প্রথম আলো
