৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM

শীত তখন সবে পড়তে শুরু করেছে। আরব সাগরের তীরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সন্ধ্যা নামতেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়তে থাকে কোলাহল। নানা বয়সী মানুষ ঘুরতে বের হন শহরের পথে পথে। শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশেও ভিড় জমায় মানুষ। সমুদ্রের পাড়ে সময় কাটাতে আসেন অনেকে।
২০০৮ সালের ২৬ নভেম্বরের এমনই এক সন্ধ্যা গড়িয়ে রাত তখন ৮টা। অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙ্গি নৌকা মুম্বাইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে।
রাত ৮টা থেকে ৯টার মধ্যে ডিঙ্গিগুলো (দুটি অথবা তিনটি) থেকে ১০ তরুণ দক্ষিণ মুম্বাইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়ে। সাধারণ পোশাকে থাকা ওই তারুণেরা দ্রুত ভিড়ে মিশে যান। মুম্বাইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলোর দিকে আলাদা করে কারও নজর পড়েনি।
ডক থেকে বেরিয়ে ১০ তরুণ কয়েকটি দলে ভাগ হয়ে যান। আলোঝলমল মুম্বাইয়ের ব্যস্ত বসিন্দারা তখনো বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাঁদের ওপর ‘নরক যন্ত্রণা’ নেমে আসছে। অস্ত্রের তাণ্ডব আর রক্তের বন্যায় ভেসে যেতে চলেছে দক্ষিণ মুম্বাই। পরে তাণ্ডব শুরু হলে সারা বিশ্ব টেলিভিশনে হামলার সেসব দৃশ্য দেখে।
২০০৮ সালের ২১ নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজে চেপে মুম্বাইয়ের পথে রওনা হন ১০ তরুণ, সবার বয়সই কুড়ির কোটায়। পথে তাঁরা অস্ত্রের মুখে এমভি কুবের নামে একটি ভারতীয় মাছ ধরার ট্রলারে উঠে পড়েন এবং ট্রলার চালক বাদে অন্যদের হত্যা করেন। একপর্যায়ে মুম্বাই উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে ট্রলারচালককেও হত্যা করেন। এবার রাবারের ছোট ডিঙ্গি নৌকায় চড়ে ডকের দিকে রওনা হন তাঁরা।
মুম্বাইয়ে ভয়াবহ সেই হামলার পর তদন্তে বেরিয়ে আসে, ওই তরুণেরা পাকিস্তানের সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সদস্য। মুম্বাইয়ে বড় ধরনের হামলার লক্ষ্যে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ধারণা করা হয়, সংগঠনটি ২০০৫ সালের শেষ দিকে, এমনকি তারও আগে থেকে হামলার পরিকল্পনা ও লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। প্রায় দুবছর ধরে মুম্বাই ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা হয়।
হামলাকারীরা ১ কোটি ৭৯ লাখ মানুষের একটি শহরকে ৬০ ঘণ্টার জন্য অচল করে দেন। মুম্বাইজুড়ে অন্তত ১৬৬ জনকে হত্যা করেন (নিহতের সংখ্যা নিয়ে মতভিন্নতা আছে)। হামলায় আরও তিন শতাধিক মানুষ আহত হন।
রাত ৯টা ৪০। দুই হামলাকারী ট্যাক্সিতে করে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশনে পৌঁছান। হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এ তথ্য পায়।
মুম্বাইয়ের অন্যতম বড় এ রেলস্টেশন বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশনগুলোর একটি। প্রতিদিন হাজারো মানুষ রেলস্টেশনটি ব্যবহার করেন।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই হামলাকারী বেশ স্বাভাবিকভাবে স্টেশনের ভেতরের চত্বর দিয়ে হেঁটে যান এবং একটি গণশৌচাগারে ঢোকেন। রাত হলেও তখন স্টেশনে বেশ ভিড়। দিনের কাজ শেষে বেশির ভাগ যাত্রী বাড়ি ফিরছিলেন।
রাত পৌনে ১০টার দিকে শৌচাগার থেকে বেরিয়ে আসেন দুই হামলাকারী। এরপরই স্টেশনের ভিড়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করেন। ২০ মিনিট ধরে যাত্রীদের অপেক্ষার জায়গা ও প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে ক্রমাগত গুলি চালান এবং গ্রেনেড ছোড়েন তাঁরা।
হামলা শুরুর পর প্রথমে ঘটনাস্থলে পৌঁছান রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের সদস্যরা। কিন্তু তাঁদের হাতে ছিল পুরোনো ধাঁচের অস্ত্র। হামলাকারীদের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রের মোকাবিলা করার জন্য সেগুলো একেবারেই যথেষ্ট ছিল না। কয়েক মিনিটের মধ্যে ছত্রপতি শিবাজি টার্মিনাস থানার পুলিশও সেখানে পৌঁছায়। কিন্তু অস্ত্রের দিক থেকে তারাও হামলাকারীদের তুলনায় অনেক পিছিয়ে। হামলাকারীদের হাতে থাকা একে-৪৭ ও একে-৫৬ রাইফেলের সঙ্গে পুলিশের পেরে ওঠা কঠিন ছিল। একপর্যায়ে পিছু হটতে হয় পুলিশকে।
সেই রাতে প্রায় ৯০ মিনিট ধরে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশনে তাণ্ডব চালান হামলাকারীরা। বৃষ্টির মতো গুলি ছোড়ার পাশাপাশি গ্রেনেড ছুড়ে প্রায় ৫৮ জনকে হত্যা করেন। রেলস্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের আড়ালে থাকা ভিড় লক্ষ্য করেও তাঁরা গুলি চালান। সেখানেও অন্তত ১০ জন নিহত হন বলে জানায় সিএনএন।
রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রথম দফায় যেসব স্থানে হামলা চালানো হয়, তার একটি ছিল ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন।
রাত ৯টা ৪০। দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত ‘লিওপোল্ড ক্যাফে’ রেস্তোরাঁ পশ্চিমা পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। লিওপোল্ড ক্যাফেতে তখন রাতের খাবার খাচ্ছিলেন অতিথিরা। হঠাৎ গুলির শব্দে থেমে যায় সব। এক মিনিট ধরে একের পর এক গুলি ছোড়েন হামলাকারীরা। এরপর বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্রেনেড।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পরে এক সাক্ষাৎকারে রেস্তোরাঁর বাউন্সার জগৎ খাড়কার বলেছিলেন, হামলাকারীরা রেস্তোরাঁর ভেতরে ঢোকেননি। বাইরে পাশের একটি রাস্তায় দাঁড়িয়ে তাঁরা এলোপাতাড়ি গুলি চালান। জগৎ খাড়কারের বাঁ হাতে গুলি লাগেছিল।
রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গুলির শব্দে ওয়েটার ও অতিথিরা প্রাণ বাঁচাতে রান্নাঘরের দিকে ছুটে যান। কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন।
এ হামলায় রেস্তোরাঁর ছয় অতিথি ও দুই ওয়েটার নিহত হন। একাধিক পথচারীও নিহত হয়েছিলেন। সিএনএন সেখানে ১০ জন নিহত হওয়ার কথা বলেছে।
১০ থেকে ১৫ মিনিটের তাণ্ডবের পর হামলাকারীরা একটি সরু গলি ধরে হেঁটে তাজ মহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেলের পেছনের প্রবেশপথের দিয়ে চলে যান। হোটেলের দিকে যাওয়ার পথেও যাঁদের সামনে পেয়েছেন, তাঁদের ওপর গুলি চালিয়েছেন।
দক্ষিণ মুম্বাইয়ের বাসিন্দা ৩৩ বছর বয়সী ভিজু তাঁর দ্বিতীয় সন্তান জন্ম দিতে ২৬ নভেম্বরের সন্ধ্যায় কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। তাঁর স্বামী শামু লক্ষণ চবন ওষুধ কিনতে নিচে নেমেছিলেন। হঠাৎই তিনি গুলির শব্দ শুনতে পান।
রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ছত্রপতি শিবাজি টার্মিনাসের দুই হামলাকারীই কামা অ্যান্ড আলব্লেস হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালানো শুরু করেন। রেলস্টেশন থেকে দক্ষিণ–পশ্চিমে ওই হাসপাতালের দিকে যাওয়ার পথে হাসপাতালের পেছনের ফটকের কাছে ছোট ছোট ঘরে থাকা বাসিন্দাদের লক্ষ্য করেও গুলি চালান। এরপর হাসপাতালের পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লক্ষণ চবন পরে বলেছিলেন, গুলির শব্দ পেয়ে তিনি হাসপাতালের দিকে ছুটে যান এবং লিফট পরিচালনাকারী ও নিরাপত্তাকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দৌড়ে লক্ষণ প্রসূতি বিভাগের দিকে গিয়ে সবাইকে সতর্ক করেন। চিকিৎসক ও রোগীরা কক্ষের দরজার সামনে হাসপাতালের বিছানা দিয়ে ব্যারিকেড তৈরি করেন। বাইরে গুলির শব্দের মধ্যেই রাত ১০টা ৫৫ মিনিটে কন্যাসন্তানের জন্ম দেন ভিজু।
হাসপাতালে হামলার খবর পেয়ে পুলিশ ছুটে আসে। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালান হামলাকারীরা। হাসপাতালের ভেতরে সাতজন ও বাইরে আরও নয়জন নিহত হন। পরে পুলিশের একটি গাড়িতে করে হামলাকারীরা হাসপাতাল থেকে চলে যান।
পাঁচতলা নারিমান হাউস লিওপোল্ড ক্যাফে ও তাজ মহল প্যালেস হোটেলের কয়েক ব্লক দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রাত ৯টা ২০ মিনিটের দিকে দুই হামলাকারী হেঁটে সেখানে পৌঁছান। ভবনে ঢুকে তাঁরা রাব্বি গ্যাভ্রিয়েল হোল্টজবার্গ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রিভকা এবং সেখানে বেড়াতে আসা কয়েকজন অতিথিকে জিম্মি করেন।
হামলাকারীরা দ্রুত ভবনের আশপাশের সরু গলি ও ভবনগুলোর দিকে নজর রাখা যায়—এমন জায়গায় অবস্থান নেন। নারিমান হাউসে পুলিশের সাড়া দিতে দেরি হয়।
হামলার খবর পাওয়ার পর প্রথম দিকে পুলিশ বুঝতেই পারেনি ঘটনাটি ঠিক কোথায় ঘটছে। নারিমান পয়েন্ট এলাকার ‘কোলাবা ওয়াদি’ থেকে গুলি ছোড়ার খবর আসায় বিভ্রান্তি আরও বাড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারে, হামলার লক্ষ্যবস্তু নারিমান হাউস।
রাত ১০টা ১৭ মিনিটের দিকে নারিমান হাউসের আশপাশে একটানা গুলির শব্দ শোনার প্রথম নিশ্চিত খবর পায় পুলিশ। কিছুক্ষণ পর সহকারী পুলিশ কমিশনার ইসাক বাগওয়ানকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন তিনি লিওপোল্ড ক্যাফেতে ছিলেন। গুলির শব্দ অনুসরণ করে তিনি দ্রুত বুঝতে পারেন, নারিমান হাউসে হামলাকারীরা অবস্থান নিয়েছেন।
বাগওয়ান সেখানে পৌঁছানোর সময় আশপাশের এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তিনি ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের নিয়ে ভবনটি ঘিরে ফেলেন। লক্ষ্য ছিল, অতিরিক্ত বাহিনী না আসা পর্যন্ত হামলাকারীদের ভবনের ভেতরে আটকে রাখা।
রাত ১১টা ৩০ মিনিটে স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের একটি দল সেখানে পৌঁছায়। তাদের সহায়তায় বাগওয়ান ভবনটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী আরও বিস্তৃত করেন। আশপাশের ভবনগুলো থেকে অন্তত ৩০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সারা রাত ও পরদিন সকাল পর্যন্ত গুলির শব্দ, থেমে থেমে বিস্ফোরণ চলতে থাকে। ২৭ নভেম্বর সকাল আটটার দিকে ভারতীয় পরিচর্যাকারী স্যান্ড্রা স্যামুয়েল নারিমান হাউস থেকে বেরিয়ে আসেন। তাঁর কোলে ছিল হোল্টজবার্গ দম্পতির দুই বছর বয়সী ছেলে মোজে। তিনি পুলিশকে জানান, ভবনের ভেতরে এখনো জিম্মিরা আটকে আছেন।
অবশেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে দিল্লি থেকে এনএসজি কমান্ডোরা ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযানের দায়িত্ব নেন।
২৮ নভেম্বর সকাল সাড়ে সাতটার দিকে এনএসজি কমান্ডোরা নারিমান হাউসে চূড়ান্ত অভিযান শুরু করেন। ১৫ মিনিট পর এনএসজি দল ভবন থেকে বেরিয়ে জানান, দুই হামলাকারীই নিহত হয়েছেন। কিন্তু পাঁচ থেকে ছয়জন জিম্মি প্রাণ হারিয়েছেন। নারিমান হাউসে প্রায় ৪৮ ঘণ্টা ধরে অভিযান চলেছিল।
রাত ৯টা ২০ মিনিটে দুই হামলাকারী ট্যাক্সিতে করে নারিমান পয়েন্টে পৌঁছান। মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক এলাকায় ওবেরয় ট্রাইডেন্ট হোটেল অবস্থিত। হামলাকারীরা হেঁটে পাঁচতারকা হোটেলটির লবিতে ঢোকেন। কয়েক মিনিটের মধ্যে গুলি ও গ্রেনেড ছোড়া শুরু করেন।
তিন থেকে চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হোটেলে ঢুকে পুলিশ লবির মেঝেতে বিভিন্ন জায়গায় হতাহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখে। ততক্ষণে হামলাকারীরা ওপরের কোনো তলায় চলে গেছেন। ওবেরয় হোটেলটি আয়তাকার। মাঝখানের বড় অংশ খোলা, নিচে লবি দেখা যায়। ফলে হামলাকারীরা ২১ তলা হোটেলের যেকোনো তলা থেক নিচের লবি দেখতে পাচ্ছিলেন।
রাত ১০টা ১৫ মিনিটে ট্রাইডেন্ট হোটেলের ঠিক বাইরে হামলাকারীদের ফেলে যাওয়া একটি আইইডি বিস্ফোরিত হয়। এর ১৫ মিনিট পর ওবেরয় হোটেলের লবির পাশে টিফিন রেস্তোরাঁর প্রবেশপথের বাইরে রাখা আরেকটি আইইডি বিস্ফোরিত হয়।বিস্ফোরণে রেস্তোরাঁর ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।
সেই রাত এবং পরদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল ধাপে ধাপে হোটেলটিতে অভিযান চালায়। কিন্তু কিছুতেই দুই হামলাকারীকে পরাস্ত করতে পারছিল না। হোটেলের জটিল নকশা এবং সেই নকশার ব্লুপ্রিন্ট হাতে না থাকায় আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কঠিন হয়ে পড়ে।
শেষ পর্যন্ত ২৮ নভেম্বর দুপুর আড়াইটার দিকে এনএসজি সদস্যরা ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে লড়াই শেষ হওয়ার ঘোষণা দেয়। অভিযানে দুই হামলাকারী নিহত হন। তাঁদের হামলায় হোটেলে ৩০ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন।
এ অভিযান দেখিয়ে দেয়, একসঙ্গে বিভিন্ন জায়গায় আগুন ও গোলাগুলি, ভবনের ভেতরের সরু পথ এবং ভবনের নকশা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অভিযান কতটা কঠিন হয়ে পড়তে পারে।
মুম্বাই হামলার সবচেয়ে দীর্ঘ ও আলোচিত জিম্মি পরিস্থিতির কেন্দ্রে ছিল তাজমহল প্যালেস হোটেল। বিশাল আকারের এ হোটেল কয়েকটি ভবন পরস্পরের সঙ্গে সংযুক্ত করে তৈরি। ফলে হোটেলের ভেতরটা গোলকধাঁধার মতো।
হোটেলটির প্রবেশপথও ছিল একাধিক। টাওয়ার উইংয়ের কয়েকটি প্রবেশপথ ছিল সমুদ্রতীর ও গেটওয়ে অব ইন্ডিয়ার দিকে। এ ছাড়া ‘নর্থকোট গেট’ নামে পরিচিত একটি পাশের প্রবেশপথ ছিল সুইমিং পুল ও কর্মীদের গাড়ি চলাচলের জায়গার কাছে। হোটেলের এ নকশা ও প্রবেশপথগুলো হামলাকারীদের আড়াল এবং অবাধে চলাচলের সুযোগ করে দেয়। ফলে পুলিশ, মেরিন কমান্ডো ও এনএসজির পক্ষে তাঁদের অবস্থান শনাক্ত করা, আটকে রাখা এবং আলাদা করে ঘিরে ফেলা কঠিন হয়ে পড়ে।
২৬ নভেম্বর রাত ৯টা ৪৪ মিনিটের দিকে দুই হামলাকারী তাজমহল প্যালেস হোটেলের টাওয়ার উইংয়ে ঢোকেন। তাঁরা লবির দিকে এগিয়ে রিসেপশনে থাকা অতিথিদের লক্ষ্য করে গুলি চালান এবং একটি গ্রেনেড ছোড়েন। এরপর লবি ও দোকানপাটের সারি থাকা করিডর দিয়ে এগিয়ে যেতে যেতে গুলি চালাতে থাকেন। পরে হেরিটেজ উইংয়ের বিশাল সিঁড়ির ওপরের দিকে অবস্থান নেন। সেখান থেকে হোটেলের মূল প্রবেশপথ এবং নিচের লবিতে মানুষের চলাচল নজরে রাখা যাচ্ছিল।
প্রায় একই সময় লিওপোল্ড ক্যাফেতে হামলা চালানো দুই তরুণ নর্থকোট গেট দিয়ে হোটেলে ঢোকেন। সুইমিং পুলের আশপাশে থাকা অতিথি ও কর্মীদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালাতে শুরু করেন তাঁরা। পুল ও লিফট এলাকার মধ্য দিয়ে এগিয়ে গিয়ে তাঁরা বিশাল সিঁড়ির কাছে থাকা অপর দুই হামলাকারীর সঙ্গে যোগ দেন।
এ হোটেলে হামলার খবর দ্রুত পুলিশের কলসেন্টারে পৌঁছাতে থাকে। খবর পাওয়ার ১০ মিনিটের মাথায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
রাত সাড়ে ১০টার মধ্যে হামলাকারীরা হোটেলের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশের নিয়ন্ত্রণ নেন। প্রবেশপথ আটকে দিতে এবং নিজেদের অবস্থান আড়াল করতে তাঁরা ইচ্ছা করেই কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেন।
হামলাকারীরা এবং হামলার পরিকল্পনাকারীরা চেয়েছিলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আগুনে জ্বলতে থাকা ভারতের ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলের ছবি প্রকাশ পাক। এভাবে হোটেলটিকে হামলার প্রতীকে পরিণত করতে চেয়েছিলেন তাঁরা।
আগুন, ধোঁয়া, বন্ধ হয়ে যাওয়া চলাচলের পথ এবং হোটেলের বিস্তারিত নকশা না থাকায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযান ছিল বেশ কঠিন। হামলাকারীরা হোটেলে দেড় শতাধিক মানুষকে জিম্মি করেছিলেন, যাঁদের বেশির ভাগই ছিলেন বিদেশি। তাঁদের অনেককে হত্যা করা হয়। পুলিশ, মেরিন কমান্ডো ও এনএসজি কমান্ডোরা অভিযান চালিয়ে বাকিদের উদ্ধার করে।
হোটেলের বিশাল আয়তন ও জটিল নকশার কারণে অভিযান সারা দিন ধরে চলে এবং পরদিনও অব্যাহত থাকে। দীর্ঘ সময় ধরে কক্ষ তল্লাশি করে নিরাপত্তা বাহিনীকে এগোতে হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ হঠাৎ গুলির শব্দ ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটছিল। ওপরের তলাগুলো থেকে হামলাকারীরা লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
২৯ নভেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে ভারতীয় পুলিশ তাজমহল প্যালেস হোটেল পুরোপুরি নিরাপদ করার ঘোষণা দেয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা পুরো হোটেল কমপ্লেক্সে অভিযান চালিয়ে চার হামলাকারীকেই হত্যা করেন। হোটেলের ভেতরে হামলাকারীদের হাতে অতিথি, কর্মী ও নিরাপত্তাকর্মী মিলিয়ে ৩০ জন নিহত হন। আহত হন আরও কয়েক শ মানুষ।
হামলা হওয়া এ ছয়টি স্থানের মধ্যে চারটি—ওবেরয় ট্রাইডেন্ট হোটেল, নারিমান হাউস, লিওপোল্ড ক্যাফে এবং তাজমহল প্যালেস হোটেল ছিল হামলাকারীদের উপকূলে নামার স্থান থেকে ১ হাজার ২৫০ মিটারের মধ্যে। বাকি দুটি লক্ষ্যস্থল—কামা অ্যান্ড আলব্লেস হাসপাতাল ও ছত্রপতি শিবাজি টার্মিনাস ছিল উপকূলে নামার স্থান থেকে ৩ হাজার মিটার উত্তরে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের দাবি, করাচির একটি নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো অভিযান পরিচালনা করা হয়। টেলিভিশনে প্রচারিত খবর এবং ভারতের যোগাযোগব্যবস্থা থেকে আড়ি পেতে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই নিয়ন্ত্রণকক্ষ থেকে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হচ্ছিল হামলাকারীদের।
মুম্বাই শহরের বিভিন্ন স্থানে চলাচলের সময় হামলাকারীরা রাস্তার মোড়ে মোড়ে এবং নিজেদের ব্যবহৃত যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রেখে দিয়েছিলেন। হামলার সময় আরও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এসব বিস্ফোরক রাখা হয়েছিল।
বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে এবং মধ্যরাতে মুম্বাইয়ের বিধানসভার কাছেও হামলা হয়েছিল বলে আল–জাজিরার খবরে বলা হয়।
ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশনে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আজমল আমির কাসাবের ছবিটি ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলার প্রতীকে পরিণত হয়েছিল। কামা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর কাসাব ও তাঁর সহযোগী ইসমাইল খান পুলিশের একটি দলের ওপর হামলা চালান।
ওই ঘটনায় মুম্বাই পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এরপর হামলাকারীরা পুলিশের গাড়ি নিয়ে পালান। তাঁরা গিরগাঁও চৌপাটির দিকে যাওয়ার সময় সেখানে পুলিশের তল্লাশিচৌকিতে থামতে বললে তাঁরা গুলি চালান।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসমাইল খান নিহত হন। এএসআই তুকারাম ওম্বলের সাহসিকতায় আজমলকে জীবিত আটক করা সম্ভব হয়। তিনি ঝাঁপিয়ে পড়ে কাসাবের একে-৪৭ এর নল চেপে ধরেছিলেন। যদিও আজমলের গুলিতে গুরুতর আহত হন তুকারাম। পরে হাসপাতালে মারা যান তিনি।
হামলার সময় কাসাবের বয়স ছিল ২১ বছর। ১০ হামলাকারীর মধ্যে একমাত্র তাঁকেই জীবিত আটক করা হয়।
শুরুতে এই তরুণের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে কয়েক মাস পর পাকিস্তান স্বীকার করে, কাসাব তাদের নাগরিক। তাঁর বাড়ি দেশটির পাঞ্জাবে।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিদকোটের এক বাসিন্দা কাসাবকে নিজের ছেলে বলে শনাক্ত করেন। তিনি জানান, হামলার চার বছর আগে কাসাব বাড়ি ছেড়ে চলে গিয়েছিল।
ভারতের দাবি, একপর্যায়ে কাসাব লস্কর-ই-তাইয়েবার প্রভাবে পড়েন। এরপর দূরবর্তী কয়েকটি প্রশিক্ষণশিবিরের একটিতে প্রশিক্ষণ নেওয়ার পর তাঁকে মুম্বাই হামলার জন্য বেছে নেওয়া হয়।
২০০৯ সালের মার্চে কাসাবের বিচার শুরু হয়। রেলস্টেশনে হামলায় আহত ১০ বছর বয়সী এক মেয়ে আদালতে কাসাবকে শনাক্ত করে। বিচারে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১২ সালে কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
তাজমহল প্যালেস হোটেল থেকে আকাশে উঠে যাওয়া বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী এখনো ভারতীয় এবং আরও অনেকের মনে গেঁথে আছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যাঁরা হামলার ঘটনা দেখেছিলেন, তাঁদের স্মৃতিতে সেই দৃশ্য এখনো অমলিন। ইতিহাসের পাতায় ২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মুম্বাইয়ে হামলার এ ঘটনা ২৬/১১ হামলা নামেও পরিচিত।
{তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণা প্রতিষ্ঠান মডার্ন ওয়ার ইনস্টিটিউট (এমডব্লিউআই), সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, এনডিটিভি ও ব্রিটানিকা}
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM · প্রথম আলো
ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
মেরিলিন মনরো থেকে হোয়াইট হাউসের ইন্টার্ন, কেনেডির নারীদের মধ্যে আর কারা ছিলেন
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · বাংলা ট্রিবিউন
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
২৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৪০ AM · প্রথম আলো
