শাহজাদপুর সংবাদ

বন্ধুত্ব যত গভীর, ডলফিনের আয়ু তত দীর্ঘ

২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

বন্ধুত্ব যত গভীর, ডলফিনের আয়ু তত দীর্ঘ

বন্ধুদের সঙ্গে সময় কাটানো শুধু মানুষের জীবনকেই আনন্দময় করে না, দীর্ঘায়ু হতেও সাহায্য করতে পারে ডলফিনকে। যেসব ডলফিনের সামাজিক সম্পর্ক দৃঢ় ও দীর্ঘস্থায়ী, তাদের আয়ুও তুলনামূলক বেশি। অস্ট্রেলিয়ার গবেষকদের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার শার্ক বে এলাকায় প্রায় ৪০ বছর ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী পিএলওএস বায়োলজিতে।

গবেষণার আওতায় ছিল ইন্দো-প্যাসিফিক বোতলনাক ডলফিন। এ প্রজাতির ডলফিন ৫০ বছরের বেশি বাঁচতে পারে। তাদের সামাজিক জীবনও বেশ জটিল।

জীবনের বিভিন্ন পর্যায়ে বোতলনাক ডলফিনের দলবদ্ধ থাকার ধরন বদলায়। শৈশব ও তরুণ বয়সে দলের আকার বাড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা তুলনামূলক ছোট ও পরিচিত সামাজিক গোষ্ঠীর প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে।

গবেষণার প্রধান লেখক কেলি মিহান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিনরা কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে বেশি বাছবিচার করতে শুরু করে। তবে সামাজিক সম্পর্কের সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে। দলবদ্ধ থাকার ফলে তারা তথ্য বিনিময় করতে পারে, সঙ্গী খুঁজে পায় এবং পারস্পরিক বন্ধন গড়ে তোলে। আবার বড় দলে রোগ ছড়িয়ে পড়া কিংবা মানসিক চাপ তৈরির আশঙ্কাও থাকে।

গবেষকেরা দেখেছেন, পুরুষ ডলফিন সাধারণত স্ত্রী ডলফিনের তুলনায় বড় দলে বিচরণ করে। প্রজননের ক্ষেত্রে কয়েকটি পুরুষ ডলফিনের জোটবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্ত্রী ডলফিনের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়তা, খাবার সংগ্রহের কৌশল ও বসবাসের পরিবেশ প্রভাব ফেলে।

গবেষণার সহলেখক এবং প্রাণীর আচরণ ও বিবর্তনবিষয়ক গবেষক সেলিন ফ্রেরে বলেন, দীর্ঘ সময় ধরে একই ডলফিনকে পর্যবেক্ষণ করতে পারায় তাদের সামাজিক আচরণ এবং ব্যক্তিভেদে পার্থক্য বোঝা সম্ভব হয়েছে।

গবেষণায় অংশ না নেওয়া সামুদ্রিক প্রাণী গবেষক মাইক বসলে মনে করেন, ডলফিনের সামাজিক আচরণের সঙ্গে মানুষের অনেক মিল রয়েছে। সময়ের সঙ্গে মানুষের মতো তাদেরও সামাজিক সম্পর্ক ও মেলামেশার ধরন বদলায়। তাঁর মতে, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যের ধারণা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ