শাহজাদপুর সংবাদ

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫২ AM

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে পাঁচটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৫ মাইল) পূর্বের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।

ক্ষতিগ্রস্ত পাঁচটি রুশ যুদ্ধবিমানের মধ্যে তিনটি মিগ–৩১ ও দুটি সু–৩৪এস মডেলের বলে দাবি ইউক্রেনের জেনারেল স্টাফের। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে। তবে ‘আরও ভালো খবর আসতে পারে’ বলেও আভাস দিয়েছেন তিনি।

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানায়নি কিয়েভ।

রাশিয়া বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সাভাসলেইকা বিমানঘাঁটি রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত। কয়েক বছর ধরে বিভিন্ন সময় এ বিমানঘাঁটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে। এ ঘাঁটিতে এমন সব যুদ্ধবিমান রয়েছে, যেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা ছুড়তে ব্যবহার করে রাশিয়া।

বিশেষ করে রুশ মিগ-৩১ যুদ্ধবিমান উড়ান দিলে ইউক্রেনে সতর্কতা জারি করা হয়। এ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা কিনঝল ক্ষেপণাস্ত্র বড় অবকাঠামো আর সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।

ইউক্রেনের দাবি, রাতের বেলায় চালানো এ হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের দুটি জ্বালানি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে তেল শোধনাগার দুটি প্রায় ৮০০ কিলোমিটার বা ৫০০ মাইল দূরে অবস্থিত। কিয়েভ জানায়, রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা কমিয়ে দিতে দূরপাল্লার ধারাবাহিক হামলার অংশ হিসেবে সামারায় এ হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ‘আপনারা (রাশিয়া) এগুলো মেরামত করবেন? আমরা আবার হামলা চালাব।’

রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ বলেন, রাতে হামলা ছিল কঠিন এক পরীক্ষা। ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় একজন নিহত হয়েছেন। কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

কিয়েভের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্প্রতি রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও পণ্যের কয়েকটি গুদামেও হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘জ্বালানি না থাকলে সামরিক যান চলতে পারে না। গোলাবারুদ না থাকলে কামান নীরব হয়ে যায়।’ আরও বলা হয়েছে, একেকটি হামলা সফল হলে মস্কোও কম হামলা চালাতে পারবে।

ইউক্রেনের অস্ত্র খাত এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রের অনেক দূরের রুশ লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলা নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার দেশটির জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

পুতিন দাবি করেছেন, রাশিয়া গুরুতর ক্ষতির মুখে না পড়ে দেশের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে পেরেছে। ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে।

ইউক্রেনেও প্রায় প্রতিদিন রাশিয়ার হামলা চলছে। মঙ্গলবার ও গতকাল দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় ১০ জন নিহত হয়েছে। জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ