শাহজাদপুর সংবাদ

৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান করল কোয়ান্টাম কম্পিউটার

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৮ PM

৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান করল কোয়ান্টাম কম্পিউটার

কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ইউনিটের মাধ্যমে কাজ করে, যা সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক কোটি গুণ দ্রুত গণনা করতে পারে। আর তাই বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে কোয়ান্টাম কম্পিউটারের সহায়তা নিয়ে থাকেন গবেষকেরা। এবার কোয়ান্টাম কম্পিউটার কাজে লাগিয়ে ৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি করেছেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি ও সিংহুয়া ইউনিভার্সিটির একদল গবেষক।

গবেষকদের দাবি, ১২১ কিউবিট সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরযুক্ত কোয়ান্টাম কম্পিউটারটি দুটি কঠিন গাণিতিক উপপাদ্য সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কোয়ান্টাম কম্পিউটার দ্রুত উত্তর বের করেছে—বিষয়টি এমন নয়; কারণ, কম্পিউটারও এ কাজ করতে পারে। মূল বিষয়টি হলো কোয়ান্টাম হার্ডওয়্যারে এ ধরনের জটিল যৌক্তিক নিষ্কাশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

গবেষকদের তথ্যমতে, সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরযুক্ত কোয়ান্টাম কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে পেরেছে। এ বিষয়ে গবেষক নিয়াং ওয়াং জানান, প্রথম উপপাদ্যটি ছিল বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের লম্বালম্বি অবস্থান প্রমাণ করার একটি জ্যামিতিক পরীক্ষা। উ মেথড নামের একটি সুপরিচিত পদ্ধতির হাইব্রিড রূপ ব্যবহার করে এটি প্রমাণ করেছে কোয়ান্টাম কম্পিউটার।

অপর উপপাদ্যটি ছিল বেশ জটিল, যা পরস্পরছেদী ত্রিভুজ এবং বৃত্ত–সম্পর্কিত একটি জ্যামিতিক সমস্যা। এ সমস্যা সমাধানে গবেষকেরা প্রতীকী প্রমাণ অনুসন্ধান নামের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। গবেষকদের মতে, এই ফলাফল প্রমাণ করে যে স্বয়ংক্রিয় যৌক্তিক যুক্তি–প্রমাণ করতে পারে কোয়ান্টাম প্রসেসর।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ