শাহজাদপুর সংবাদ

এআই চশমা থেকে মিক্সড রিয়েলিটি, মেটা কানেক্টে থাকছে যেসব চমক

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM

এআই চশমা থেকে মিক্সড রিয়েলিটি, মেটা কানেক্টে থাকছে যেসব চমক

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ‘মেটা কানেক্ট’ বার্ষিক সম্মেলনকে সামনে রেখে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মেটা। আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে শুরু হতে যাওয়া ‘মেটা কানেক্ট ২০২৬’ সম্মেলনে নতুন এআই চশমা, মিক্সড রিয়েলিটি হেডসেট, হলোগ্রামভিত্তিক যোগাযোগ প্রযুক্তি এবং এআই সফটওয়্যার নিয়ে ঘোষণা আসতে পারে। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনই বরাবরের মতো থাকবে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বহুল প্রত্যাশিত ‘কীনোট’ এবং পরদিন ডেভেলপারদের জন্য বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ হতে পারে ‘লুনা’ কোড নামের নতুন স্মার্ট চশমা। এতে প্রচলিত ক্যামেরার বদলে ছয়টি মাইক্রোফোন এবং চোখের পাশের টেম্পল অংশের ঠিক পাশে মেটা এআই চালুর জন্য আলাদা বোতাম থাকতে পারে। চশমাটির হাতলও বর্তমান মডেলের তুলনায় পাতলা হওয়ার কথা রয়েছে। ক্যামেরা বাদ দেওয়ার ফলে গোপনীয়তা নিয়ে আপত্তি থাকা ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের এআই চশমার বিকল্প নিয়ে আসতে পারে মেটা।

মেটার রে-ব্যান ডিসপ্লে চশমার পরবর্তী সংস্করণ বা তুলনামূলক কম দামের নতুন মডেল নিয়েও ঘোষণা আসতে পারে। রে-ব্যান ডিসপ্লেতে ডান লেন্সে একটি রঙিন পর্দা রয়েছে এবং মে মাসে তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য এর সফটওয়্যার উন্নয়নের সুযোগ খুলে দেওয়া হয়েছে। নতুন সংস্করণটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আসতে পারে বলে আগের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি হাতের কবজির স্নায়ু সংকেত ব্যবহার করে চশমা নিয়ন্ত্রণের প্রযুক্তিও আলোচনায় থাকতে পারে।

মেটার নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট ‘প্রজেক্ট ফিনিক্স’ও কীনোটে প্রদর্শিত হতে পারে। ‘পাফিন’ ও ‘লোমা’ কোড নামেও পরিচিত এই হেডসেটটির ওজন ১১০ গ্রামের কম রাখার কথা রয়েছে। ডিভাইসটি নিজস্বভাবে সব কম্পিউটিং কাজ না করে আলাদা একটি কম্পিউটিং পকের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। প্রচলিত ভার্চুয়াল রিয়েলিটি গেমিংয়ের পরিবর্তে ভিডিও দেখা, সামাজিক যোগাযোগ ও ফিটনেসের মতো দৈনন্দিন ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। হেডসেটটি ২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে।

প্রজেক্ট ফিনিক্সের সঙ্গে মেটার ‘কোডেক অ্যাভাটার’ প্রযুক্তিভিত্তিক হলোগ্রামধর্মী ভিডিও কলের প্রদর্শনও হতে পারে। মার্ক জাকারবার্গ ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ কি-নোটে এ প্রযুক্তির সরাসরি প্রদর্শন করতে পারেন। অন্যদিকে গেমিংকেন্দ্রিক পরবর্তী ‘কোয়েস্ট ৪’ ২০২৭ সালের দ্বিতীয়ার্ধের আগে বাজারে আসছে না বলে জানা যায়। ফলে কানেক্টে এটি উন্মোচিত হলেও তাৎক্ষণিক বিক্রির সম্ভাবনা নেই।

স্মার্ট চশমার পাশাপাশি মেটার এআই সহকারী, এআইচালিত পরিধানযোগ্য প্রযুক্তি এবং ভবিষ্যৎ কম্পিউটিং প্ল্যাটফর্ম নিয়েও ঘোষণা আসতে পারে। মে মাসে কানেক্টের তারিখ ঘোষণার সময় মেটা ‘পরবর্তী কম্পিউটিং প্ল্যাটফর্ম’ দেখানোর কথা জানিয়েছিল। তবে স্মার্টওয়াচ নিয়ে আলোচনা থাকলেও সেটি কীনোটে আসবে কি না এখনো নিশ্চিত নয়।

কানেক্টের মাত্র নয় দিন আগে ১৪ সেপ্টেম্বর ১ হাজার ৫৯ ডলার দামে ‘স্টিম ফ্রেম’ বাজারে এনেছে ভালভ। ফলে মেটার নতুন হেডসেটের পরিবর্তে এ বছর চশমাকেন্দ্রিক ঘোষণাই বেশি গুরুত্ব পেতে পারে। ভালভের নতুন ডিভাইসটি স্টিমের গেম ও কম্পিউটারভিত্তিক ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের দিকে জোর দিয়েছে, আর মেটা ক্রমেই হেডসেটের পাশাপাশি চশমাকে ভবিষ্যৎ পরিধানযোগ্য কম্পিউটিংয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এগিয়ে নিচ্ছে।

মেটা কানেক্ট ২০২৬-এর উদ্বোধনী কীনোট ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় ২৪ সেপ্টেম্বর রাত ৩টা। মেটার অনলাইন লাইভস্ট্রিমের মাধ্যমে কীনোটটি সরাসরি দেখা যাবে। আগ্রহীরা মেটা কানেক্টের ওয়েবসাইটে নিবন্ধন করে সম্প্রচারটি সরাসরি দেখতে পারবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ