শাহজাদপুর সংবাদ

১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM

১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট:ঢোলের বাজনা আর কাঁসার ঘণ্টার তালে তালে চলছে লাঠির কসরত। কখনো প্রতিপক্ষের আঘাত প্রতিহত করা, আবার কখনো কৌশলে পাল্টা আক্রমণ। লাঠিয়ালদের এমন শ্বাসরুদ্ধকর খেলা দেখতে ভিড় জমিয়েছেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা আজও ধরে রেখেছেন প্রায় দেড়শ বছরের পুরোনো এই সংস্কৃতি।প্রতিবছর দুর্গাপূজার বিজয়া দশমীর তিন দিন পর শনিবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলার মেলা। এবার গত ২৪ অক্টোবর বসে এই মেলা। দীর্ঘদিনের এই আয়োজন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে হাজারো দর্শনার্থী ছুটে আসেন ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে।মেলাটি শুধু লাঠিখেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও এক অনন্য মিলনমেলা। মেলাকে কেন্দ্র করে জামাই-মেয়ে ও আত্মীয়স্বজনদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়। বাড়িতে বাড়িতে চলে বিশেষ খাবারের আয়োজন। ফলে মেলাকে ঘিরে তৈরি হয় পারিবারিক বন্ধন ও আনন্দঘন পরিবেশ।মেলায় বসে নানা রকম মিষ্টি, চিনির শাহী জিলাপি, বাঁশ-কাঠ, লোহা ও মাটির তৈরি সামগ্রীর দোকান। শিশুদের খেলনা ও প্রসাধনীর দোকানও ক্রেতাদের আকর্ষণ করে। তবে সব আয়োজন ছাপিয়ে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ থাকে ঐতিহ্যবাহী লাঠিখেলা।লাঠিয়াল সহিদুল ও প্রবীণ লাঠিয়াল স্বাধীন হোসেন জানান, বংশপরম্পরায় তাঁরা এই খেলার চর্চা করে আসছেন। বাবা-দাদাদের কাছ থেকেই তাঁদের লাঠিখেলার হাতেখড়ি। দর্শকদের আনন্দ দিতে তাঁরা বিনা পারিশ্রমিকে খেলায় অংশ নেন। তবে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় ভবিষ্যতে এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, সময়ের পরিবর্তনে গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা নিজেদের ভালোবাসা ও আগ্রহে পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রেখেছেন। এই ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে লাঠিখেলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।আয়োজকদের মতে, পশ্চিম দেওগ্রামের এই মেলা কেবল বিনোদন নয়, বরং গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

The post ১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ