আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত আকরাম হোসেন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্ত, জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ অক্টোবর পুলিশ সুপার উল্লাপাড়া মডেল থানাধীন আলোচিত এ হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি ঘটনাস্থল থেকে প্রাসঙ্গিক আলামত জব্দ, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সন্দেহভাজন আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তদন্তের প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন পুলিশ সুপার। পাশাপাশি মামলার তদন্তে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন তিনি।
পরে পুলিশ সুপার নিহত আকরাম হোসেনের শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মামলাটি নিজে সার্বক্ষণিক তদারকি করবেন বলেও নিহতের পরিবারকে আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন খোসালপুর গ্রাম থেকে আকরাম হোসেন (২০)-এর মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টেলিভিশন সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪১ PM · karatoa.com.bd
গ্রামীণ জনপদে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রামকৃষ্ণপুরে ৫নং ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় মেম্বার পদপ্রার্থী সোহেল রানা বাবু
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন জয়পুরহাটের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
