শাহজাদপুর সংবাদ

হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতসহ চারজন আটক

২৬ নভেম্বর, ২০২৬ এ ২:২৯ AM

হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতসহ চারজন আটক

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। আটক অপর দুজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

আজ বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, এ ছাড়া মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন।

ভিডিওতে আরও দেখা যায়, শাখাওয়াতের কাছে নাম জানতে চান ছাত্রদল নেতা মোতাহার। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা–ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক অন্য দুজনকেও পুলিশ নিয়ে যায়।

শাখাওয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) কর্মরত ছিলেন। পরে তাঁকে প্রেষণে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে পিআইবির পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ