নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় দুর্বৃত্তদের আগুন
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪ AM

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন। আজ সকালে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তখন বাসায় তাঁর মা, ছোট ভাই নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। তিনি ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৩ PM · প্রথম আলো
তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:১৬ PM · প্রথম আলো
