হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫৪ AM

ফ্যাসিস্টদের তৎপরতার বিষয়ে সজাগ থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এটি ছিল প্রথম বৈঠক। বৈঠকে কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, বিশেষ করে করোনাকালের দুর্নীতির বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এসব অভিযোগের তদন্ত হয়েছে কি না, তা জানতে চায় কমিটি। একই সঙ্গে তদন্ত না হয়ে থাকলে তা দ্রুত খতিয়ে দেখার সুপারিশ করা হয়। এ ছাড়া সরকারি হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতি বাদ দেওয়ার বিষয়েও কমিটির একাধিক সদস্য মত দেন।
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা, বাল্যবিবাহ রোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং স্যাটেলাইট ক্লিনিক জোরদার করাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সচেতন থাকার সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, সরকারের কাছে প্রয়োজনীয় বিভিন্ন টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। অতীতে বন্ধ হয়ে যাওয়া পরিবার পরিকল্পনার কার্যক্রমগুলো আবার চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বাড়ানো এবং জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ অব্যাহত রয়েছে।
বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, সদস্য মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম, আব্দুল বারী সরদার ও মাহমুদা আলম।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · বাংলা ট্রিবিউন
ডেঙ্গু ব্যবস্থাপনায় ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৯ PM · রাইজিংবিডি
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪০ PM · বাংলা ট্রিবিউন
আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১১ PM · রাইজিংবিডি
উপকূল ও চরাঞ্চলে সেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · রাইজিংবিডি
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২২ PM · বাংলা ট্রিবিউন
