উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বাড়ানোর সুপারিশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানো এবং জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থাগুলোর জনবল, পরিচিতি ও কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা, শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ স্বাস্থ্যসেবা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বিভিন্ন ধরনের টিকার মজুতের বর্তমান অবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং স্যাটেলাইট ক্লিনিক জোরদারের বিষয়েও আলোচনা হয়।
চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নে আরও সচেতন থাকার সুপারিশ করে কমিটি। একইসঙ্গে দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করা, ‘ফ্যাসিস্টদের কার্যক্রমের’ বিষয়ে সজাগ থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫৪ AM · প্রথম আলো
ডেঙ্গু ব্যবস্থাপনায় ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৯ PM · রাইজিংবিডি
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪০ PM · বাংলা ট্রিবিউন
আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১১ PM · রাইজিংবিডি
উপকূল ও চরাঞ্চলে সেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · রাইজিংবিডি
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২২ PM · বাংলা ট্রিবিউন
