স্মার্টফোন হারিয়ে যাওয়ার আগেই তথ্যের নিরাপত্তায় যে ৯টি কাজ করতে হবে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে আর্থিক লেনদেন—সবকিছুতেই এখন স্মার্টফোন ব্যবহার করা হয়। আর তাই স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যাংকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে ফোন চুরি বা হারিয়ে যাওয়ার আগেই সেটিংস পরিবর্তনসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।
১. ‘ফাইন্ড মাই’ বা ‘ফাইন্ড হাব’ চালু রাখা
ফোন হারিয়ে গেলে সেটির অবস্থান শনাক্ত করার পাশাপাশি দূর থেকে লক বা নিরাপদ করার জন্য আইফোনের ‘ফাইন্ড মাই’ এবং অ্যান্ড্রয়েডের ‘ফাইন্ড হাব’ বেশ গুরুত্বপূর্ণ। তাই ফোনের সেটিংসে গিয়ে সুবিধাগুলো চালু আছে কি না, এখনই পরীক্ষা করে নিন। এসব সুবিধার মাধ্যমে হারানো ফোনের অবস্থান দেখা যায়। প্রয়োজন হলে ফোন লক করা এবং কিছু ক্ষেত্রে দূর থেকে ফোনের তথ্য মুছে ফেলার ব্যবস্থাও রয়েছে। তবে এই সুবিধা কাজে লাগাতে হলে ফোন হারানোর আগেই প্রয়োজনীয় সেটিংস চালু থাকতে হবে।
২. সহজ পিন ব্যবহার না করা
ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে ফোন আনলক করার কারণে অনেক সময় পাসকোড দিতে হয় না। ফলে পাসকোড কতটা গুরুত্বপূর্ণ, তা অনেকেই ভুলে যান। অথচ ফোনের নিরাপত্তায় এটি অন্যতম প্রধান সুরক্ষাব্যবস্থা। ১২৩৪৫৬, ০০০০০০ কিংবা জন্মতারিখের মতো সহজ পিন ব্যবহার করা উচিত নয়। পাবলিক স্পেসে ফোনের পিন দেওয়ার সময়ও সতর্ক থাকতে হবে। কেউ ফোন চুরি করার আগে পিন দেখে ফেললে ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। আইফোন ব্যবহারকারীরা ‘স্টোলেন ডিভাইস প্রটেকশন’সুবিধাটিও চালু করে রাখতে পারেন। ফোন ও পাসকোড দুটিই অন্য কারও হাতে চলে গেলে গুরুত্বপূর্ণ কিছু কাজের ক্ষেত্রে এই সুবিধা অতিরিক্ত বায়োমেট্রিক সুরক্ষা দিতে পারে।
৩. লক স্ক্রিনে ব্যক্তিগত তথ্য না দেখানো
ফোন লক করা থাকলেও বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য স্ক্রিনে দেখা যেতে পারে। ব্যাংকের ওটিপি, কার্ডের লেনদেনের তথ্য, পাসওয়ার্ড পরিবর্তনের কোড কিংবা ব্যক্তিগত বার্তা—এসব তথ্য অন্য কেউ যেন লক স্ক্রিন থেকেই দেখতে না পারে, তা নিশ্চিত করা উচিত। ফোনের নোটিফিকেশন সেটিংসে গিয়ে লক থাকা অবস্থায় কী কী তথ্য দেখা যাবে, তা পরীক্ষা করে নিন। সব নোটিফিকেশন বন্ধ করার প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্টে প্রবেশ বা পাসওয়ার্ড পরিবর্তনের কাজে ব্যবহার করা যেতে পারে—এমন তথ্য গোপন রাখা জরুরি। লক স্ক্রিনে যদি ভেরিফিকেশন কোড সরাসরি দেখা যায়, তাহলে ফোন হাতে পাওয়া ব্যক্তির জন্য ওই তথ্য কাজে লাগানো সহজ হতে পারে।
৪. গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আলাদাভাবে সুরক্ষিত করা
ব্যাংকিং ও এমএফএস অ্যাপগুলোয় সাধারণত আলাদা নিরাপত্তাব্যবস্থা থাকে। তবে ই–মেইল, পাসওয়ার্ড ম্যানেজার ও অথেনটিকেটর অ্যাপও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধারের লিংক অনেক সময় ই–মেইলেই আসে। ফোনে অ্যাপ লক বা প্রাইভেট স্পেসের সুবিধা থাকলে গুরুত্বপূর্ণ অ্যাপগুলোয় তা ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ব্যাংকিং, আর্থিক লেনদেন, পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও অথেনটিকেটর অ্যাপের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা রাখা ভালো। সব অ্যাপের ক্ষেত্রে একই মাত্রার নিরাপত্তা প্রয়োজন হয় না। তবে যেসব অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সুরক্ষিত করা উচিত।
৫. ফোন নম্বর ও সিম সুরক্ষিত রাখা
সিম বা ই–সিমের সঙ্গে যুক্ত ফোন নম্বর বিভিন্ন অ্যাকাউন্টের ওটিপি, অ্যাকাউন্ট পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই ফোন হারিয়ে গেলে দ্রুত কীভাবে মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম বন্ধ বা নতুন সিম সংগ্রহ করবেন, তা আগে থেকেই জেনে রাখা উচিত। প্রয়োজনে সিম পিন ব্যবহার করেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে সিম পিন চালু করার আগে পিন ভুলে গেলে কীভাবে পিইউকে কোড ব্যবহার করে সিম পুনরুদ্ধার করতে হবে, তা জেনে নিন। তবে নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন পরে নিজেই সিম ব্যবহারে সমস্যায় না পড়েন, সেটিও খেয়াল রাখতে হবে।
৬. গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা
ফোন হারালে নতুন ফোন কেনা যায়। কিন্তু ফোনের ভেতরে থাকা সব তথ্য আবার ফিরে পাওয়া যায় না। বিশেষ করে ব্যক্তিগত ছবি, ভিডিও, পরিচিতির নম্বর ও গুরুত্বপূর্ণ নথির ব্যাকআপ না থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ চালু রাখুন। শুধু ব্যাকআপের অপশন চালু আছে কি না, তা দেখলেই হবে না। ছবি, পরিচিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত ব্যাকআপ হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে। কারণ, ফোন হারানোর পর যদি দেখা যায় কয়েক মাস ধরে ব্যাকআপই হচ্ছে না, তখন গুরুত্বপূর্ণ তথ্য ফিরে পাওয়ার সুযোগ খুব সীমিত হয়ে যেতে পারে।
৭. ফোন ছাড়াই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ব্যবস্থা রাখা
ধরুন, আপনার ফোনটি এইমাত্র চুরি হয়েছে। এখন অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে অ্যাপল বা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। কিন্তু প্রয়োজনীয় পাসওয়ার্ড বা পুনরুদ্ধারের তথ্য যদি শুধু চুরি যাওয়া ফোনেই থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর বিকল্প পুনরুদ্ধারের ব্যবস্থা আগে থেকে চালু রাখার পাশাপাশি প্রয়োজনীয় রিকভারি কোড ফোনের বাইরে সংরক্ষণ করতে হবে। একই ফোনে রিকভারি কোডের স্ক্রিনশট রেখে দিলে ফোন চুরি হওয়ার পর সেটি কোনো কাজে আসবে না। তাই গুরুত্বপূর্ণ কোড আলাদা ও নিরাপদ জায়গায় রাখাই ভালো।
৮. আইএমইআই নম্বর আলাদা জায়গায় সংরক্ষণ
প্রতিটি ফোনের একটি স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে। সাধারণত ফোনের মূল বাক্স, কেনার চালান বা সংশ্লিষ্ট নথিতে এই নম্বর পাওয়া যায়। ফোন হারিয়ে গেলে যাতে সহজেই নম্বরটি পাওয়া যায়, সে জন্য এটি ফোনের বাইরে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। গুগলের ফাইন্ড হাব থেকেও অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআই নম্বর পাওয়া যেতে পারে। ফোন চুরি হওয়ার পর আইএমইআই নম্বর কোথায় রেখেছেন, তা খুঁজে বের করার চেয়ে আগে থেকেই সেটি আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখা সহজ
৯. এমএফএস ও ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিত
স্মার্টফোন এখন অনেকের জন্য ডিজিটাল মানিব্যাগের মতো। এমএফএস, ব্যাংকিং, কার্ড, বিনিয়োগ ও ডিজিটাল ওয়ালেট—সবই একটি ফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। তাই ফোনে কোন কোন আর্থিক অ্যাপ রয়েছে, তা জেনে রাখুন। ফোন চুরি হলে কোন ব্যাংক বা আর্থিক সেবাদাতার সঙ্গে কীভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা বন্ধ করতে হবে, সেটিও আগে থেকে জেনে রাখা জরুরি। ফোনের নোটস অ্যাপে ব্যাংকের পাসওয়ার্ড বা কার্ডের তথ্য লিখে রাখাও নিরাপদ নয়। ফোন চুরি হলে একই সঙ্গে এসব তথ্যও অন্যের হাতে চলে যেতে পারে।
সূত্র: নিউজ১৮
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · বাংলা ট্রিবিউন
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM · বাংলা ট্রিবিউন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪১ AM · বাংলা ট্রিবিউন
প্রায় ৩ লাখ বছর আগের মানুষের চেহারার ডিজিটাল প্রতিলিপি তৈরি করেছেন গবেষকেরা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
সৌর প্যানেলের মাধ্যমে প্লাস্টিককে হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করেছেন কেমব্রিজের গবেষকেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩২ PM · প্রথম আলো
সূর্য ও চাঁদের আকর্ষণের প্রভাবে পৃথিবীতে কি সত্যিই ভূমিকম্প হতে পারে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
