শাহজাদপুর সংবাদ

সুষম খাদ্য দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে—প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ 

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM

সুষম খাদ্য দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে—প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ 

প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন ∎ অধ্যায়–৩

প্রশ্ন: আমিষজাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?

উত্তর: আমিষ বা প্রোটিনজাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ, এটি শরীর গঠন ও ক্ষয় পূরণে অপরিহার্য। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। প্রোটিনের অভাবে পেশির ক্ষয় হওয়া, দুর্বলতা অনুভূত হওয়াসহ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।

প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো।

উত্তর: দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়।

প্রশ্ন: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন?

উত্তর: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবে পুষ্টিহীনতা হতে পারে। সুষম খাদ্য শুধু আমিষ ও তেল নয়; বরং শর্করা, ভিটামিন ও খনিজ লবণ ধারণ করে। শুধু আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলে শরীরের অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থেকে যায়, যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

প্রশ্ন: ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন কী পরিমাণ ভাত খাওয়া প্রয়োজন?

উত্তর: ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিনের সুষম খাদ্যের তালিকায় প্রায় ৫০ গ্রাম ভাত বা আলু থাকা প্রয়োজন। এই পরিমাণ শর্করা তাদের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এটি তাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রশ্ন: শিশুদের খাদ্যতালিকায় কেন আমিষজাতীয় খাবার বেশি রাখা উচিত?

উত্তর: শিশুদের শরীর দ্রুত বৃদ্ধি পায়। তাদের দেহের গঠন, শক্তি ও রোগ প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে আমিষ বা প্রোটিনের প্রয়োজন হয়। তাই শিশুদের খাদ্যতালিকায় আমিষজাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ঘি, পনির, ডিম, দুধ ইত্যাদি বেশি রাখা উচিত।

প্রশ্ন: তোমার বন্ধু শুধু আলু ভাজা আর ভাত খেতে পছন্দ করে। তার খাদ্যাভ্যাস কী সুষম?

উত্তর: না, আমার বন্ধুর খাদ্যাভ্যাস সুষম নয়। আমার বন্ধু শুধু শর্করাজাতীয় খাবার খাচ্ছে। সুষম খাদ্যের জন্য তাকে মাছ, মাংস, ঘি, পনির, শাকসবজি ও ফলমূল খেতে হবে।

প্রশ্ন: একজন বয়স্ক ব্যক্তির জন্য কোন ধরনের খাবার দরকার?

উত্তর: একজন বয়স্ক ব্যক্তির জন্য সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্যের দরকার। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের শরীরের শক্তি কমে যায়। তাঁদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয় এবং রোগ প্রতিরোধে সহায়ক, এমন খাদ্য প্রয়োজন।

প্রশ্ন: বয়স, লিঙ্গ ও কাজের ধরনভেদে সুষম খাদ্য গ্রহণ কেমন হবে?

উত্তর: বয়স, লিঙ্গ ও কাজের ধরনভেদে সুষম খাদ্য গ্রহণ আলাদা হবে। যেমন বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। অন্যদিকে গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী ও শক্তি প্রদানকারী খাদ্যের প্রয়োজন।

প্রশ্ন: গর্ভবতী মায়েদের বাড়তি পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর: গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই গর্ভবতী মায়েদের শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। এই সময় শরীর গঠনকারী, শক্তিদায়ক ও রোগপ্রতিরোধী খাবারের প্রয়োজন হয়। সঠিক পুষ্টি মা ও শিশু উভয়কেই সুস্থ রাখতে সাহায্য করে।

প্রশ্ন: আমাদের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?

উত্তর: আমাদের দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য আমাদের শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ করে। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ