শাহজাদপুর সংবাদ

নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM

নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

আগামী ১৫ নভেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে ফল প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে ফল প্রস্তুতের কাজ চলছে।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা দেরিতে শেষ হলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করে ফল প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত হওয়ায় ওই বোর্ডের পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়। স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে অধিকাংশ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ায় ৬০ দিন পূর্ণ হয় ৮ অক্টোবর। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হওয়ায় সেখানে ৬০ দিন পূর্ণ হয় ৮ নভেম্বর।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শেষ হওয়ার কারণে এবার সব বোর্ডের ফল প্রস্তুত ও প্রকাশের সময়সূচিতে কিছুটা প্রভাব পড়েছে। তবে অতিরিক্ত পরীক্ষক নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ