সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসায়ই অবস্থান করেন। আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটে আসার কর্মসূচি রয়েছে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় মহানগর বিএনপির সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ কিছু একটা ছুড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:২১ PM · প্রথম আলো
মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
