মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM

ঢাকার মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনে বুধবার বিকেল সাড়ে চারটায় টিকিট বিক্রির যন্ত্র (ভেন্ডিং মেশিন) থেকে টিকিট কাটার চেষ্টা করছিলেন এক নারী।
গন্তব্যের বোতাম চেপে দুটি টিকিটের জন্য যন্ত্রে ১০০ টাকার একটি নোট প্রবেশ করান তিনি। কিন্তু যন্ত্র টাকা ফেরত দেয়, টিকিট দেয় না। পর্দায় ভেসে ওঠে ‘ভাংতি নেই’ লেখা।
ওই নারী যন্ত্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছনে টিকিট কাটার অপেক্ষায় ৮ থেকে ১০ জন যাত্রী। নারীর সঙ্গে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি ভাংতি টাকা সংগ্রহ করতে দ্রুত স্টেশনের নিচে নেমে যান। তাঁর এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে ভারী ব্যাগ।
এদিকে পেছনে অপেক্ষমাণ যাত্রীরা বারবার তাগাদা দিচ্ছিলেন। একপর্যায়ে টিকিট না কেটেই যন্ত্রের সামনে থেকে সরে যেতে বাধ্য হন ওই নারী।
নাম জানতে চাইলে তিনি বলেন, ‘মিস ময়না’। প্রথম আলোকে তিনি বলেন, প্রায় সময়ই ভেন্ডিং মেশিনে ভাংতি পাওয়া যায় না।
মেট্রোরেলের যাত্রীদের জন্য এ ভোগান্তি নিত্যদিনের। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব কটি মেট্রোস্টেশনে ঘুরে ভাংতি নিয়ে এমন বিড়ম্বনায় অনেক যাত্রীকে পড়তে দেখা যায়। এর পাশাপাশি বেশ কিছু ভেন্ডিং মেশিন অচল বা বন্ধ পাওয়া যায়।
১৬টি মেট্রোস্টেশনের এক পাশের মোট ৪১টি ভেন্ডিং মেশিন যাচাই করে দেখা যায়, তখন মাত্র ১৭টি মেশিনে ভাংতি ছিল। ১৫টিতে ভাংতি ছিল না। বাকি ৯টি মেশিন ছিল অচল অথবা বন্ধ।
মেট্রোরেল স্টেশনে কাউন্টারে থাকা কর্মীদের কাছ থেকেও টিকিট কেনার সুযোগ আছে। তবে সেখানে দীর্ঘ লাইন থাকে। ভেন্ডিং মেশিনে ভাংতি না পেয়ে অনেক যাত্রীকে আবার কাউন্টারের লাইনে গিয়ে দাঁড়াতে দেখা যায়।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেশিনের ভেতর প্রচুর ভাংতি রাখার ব্যবস্থা নেই। ফলে ভাংতির সংকট হয়। খালি হওয়ার সঙ্গে সঙ্গে ভাংতি রাখার ট্রে গুলো যাতে পূর্ণ করা হয়, সেই চেষ্টা আছে। অচল মেশিনও দ্রুততম সময়ের মধ্যে সচল করা হচ্ছে। তিনি আরও বলেন, কাউন্টারে এবং ভেন্ডিং মেশিনে যাতে চাপ কমে, সে জন্য তাঁরা অনলাইন টিকিট কাটা আরও সহজ করার চেষ্টা চালাচ্ছেন।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র বলছে, ভেন্ডিং মেশিনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটের ভাংতি রাখার ট্রে রয়েছে। একজন যাত্রী ২০ টাকার টিকিট কিনতে ২০০ টাকার নোট দিলে তাঁকে ১৮০ টাকা ফেরত দিতে হয়। অর্থাৎ একজন যাত্রীর টিকিটের পেছনেই একাধিক নোট ভাংতি হিসেবে ফেরত দিতে হয়।
সূত্রটির মতে, যাত্রীরা ভাড়ার কাছাকাছি অঙ্কের বড় নোট মেশিনে প্রবেশ করালে তুলনামূলক কম ভাংতি খরচ হয়। এতে অনেক যাত্রীকে টানা সেবা দেওয়া সম্ভব হয়।
তবে ভাংতি না থাকার কারণে যাত্রীদের ভোগান্তি যে নিয়মিত হচ্ছে, তা তাঁদের অভিযোগে উঠে এসেছে।
কাউন্টার থেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো যাত্রী সাইফুল আলম অভিযোগ করেন, মেশিনে ১০০ টাকার নোট দিলে ৫০-৬০ টাকাও ফেরত পাওয়া যায় না। এ সমস্যা অনেক আগে থেকেই। প্রতিনিয়ত ভাংতির সমস্যার কারণে ট্রেন ধরতে দেরি হয়ে যায়।
সাইফুল আরও বলেন, মেট্রোরেল চালুর পর থেকে তিনি সময় ধরে যাতায়াত করেন। কোনো কারণে ট্রেনে উঠতে দেরি হলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ফার্মগেট স্টেশনের একক যাত্রার টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। দ্রুত টিকিট পাওয়ার আশায় অনেকেই ভেন্ডিং মেশিনের সামনে লাইন ধরেন। সেখানে তিনটি মেশিন থাকলেও একটি ছিল অচল। ভাংতির সমস্যার কারণে হঠাৎ অন্য একটি মেশিনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে লাইনে দাঁড়ানো যাত্রীরা বিপাকে পড়েন। মেশিনের ‘জরুরি বোতাম’ চাপার দুই-তিন মিনিট পরও সেখানে কোনো স্টেশনকর্মীকে আসতে দেখা যায়নি।
এ ছাড়া বিজয় সরণি মেট্রোস্টেশনের এক পাশের দুটি ভেন্ডিং মেশিনই অচল দেখা যায়। এর মধ্যে একটি মেশিন পরিত্যক্ত অবস্থায় কালো কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিষয়ে টিকিট কাউন্টারে যোগাযোগ করলে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার পরামর্শ দেন কাউন্টারের কর্মকর্তা। কিন্তু সন্ধ্যা ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
উত্তরা দক্ষিণ স্টেশনের এক পাশের দুটি ভেন্ডিং মেশিনের মধ্যে একটি সচল পাওয়া যায়। তবে সচল মেশিনটিতেও ভাংতি ছিল না। যাত্রী শিশির ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘সকালেও মতিঝিল স্টেশনে সব কটি ভেন্ডিং মেশিনে চেষ্টা করে ভাংতি পাইনি। ইমার্জেন্সি বাটনে ক্লিক করলেও উনাদের (কর্মীদের) পাওয়া যায় না। মর্জিমতো আসেন উনারা। কর্তৃপক্ষকে আরও দ্রুত কাজ করতে হবে।’
ভেন্ডিং মেশিনে ভাংতি না থাকার বিষয়ে জানতে চাইলে মিরপুর ১১ মেট্রোস্টেশনের কর্মকর্তা মহিউদ্দিন মিরাজ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। এত বেশি যাত্রীর চাপের মধ্যে ভাংতি নিশ্চিত করা কঠিন। ভেন্ডিং মেশিনে ভাংতি রাখার সক্ষমতারও একটি সীমাবদ্ধতা আছে। যাত্রীরা যে নোট প্রবেশ করান, তার মাধ্যমেই পরে মেশিনে ভাংতির সরবরাহ নিশ্চিত হয়।
ইমার্জেন্সি রেসপন্স বাটন চাপলেও সাড়া না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে লোক থাকে। বোতাম চাপলে এক-দুই মিনিটের মধ্যে আসেন।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:২১ PM · প্রথম আলো
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
