সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প চালু হচ্ছে ডিসেম্বরে
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ AM

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের নির্মাণকাজ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের এই আধুনিক ‘ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ’। ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যান চলাচল নির্বিঘ্ন করতে এটি তৈরি করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের ৭২ শতাংশ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ছয়টি সার্ভিস লেন। নির্ধারিত সময়ে কাজ বুঝিয়ে দিতে এখন দিন-রাত এক করে চলছে নির্মাণযজ্ঞ। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা দিয়ে রাজধানীর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ২২ জেলার মানুষ। এই অঞ্চলের যান চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে ২০২২ সালে শুরু হয় দেশের দ্বিতীয় সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
এরই মধ্যে বালি ভরাট, বাউন্ডারি ওয়াল, এসএমবিডি ব্রিজ নির্মাণ, সার্ভিস এরিয়াসহ বড় অংশের কাজ শেষ হয়েছে। মূল ইন্টারচেঞ্জের পাইল, র্যাম্পের পাইল, পাইল ক্যাপ, ডায়ার স্ট্যাম্প ও গার্ডার নির্মাণ শেষে এখন দৃশ্যমান হচ্ছে মূল স্থাপনা।
অর্থনীতিবিদ ও সড়ক বিশেষজ্ঞরা বলছেন, দুপাশের সংযোগ সড়কের সংকটের কারণে এতদিন যমুনা সেতুর পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হয়নি। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হলে সেতুটির পূর্ণাঙ্গ সুবিধা মিলবে। অন্যদিকে ব্যবসায়ীদের মতে, প্রকল্পটি চালু হলে এই অঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ৭৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন’। দেশের সড়ক অবকাঠামোর মধ্যে এই প্রকল্পেই প্রথম স্থাপিত হতে যাচ্ছে অত্যাধুনিক ‘ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম’ (আইটিএস)। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘ইন্টারচেঞ্জটি চালু হলে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দ্রুততম সময়ে পণ্য সরবরাহ করা যাবে। এতে সময় ও খরচ দুটোই কমবে। কৃষক ও ব্যবসায়ীরা পণ্যের সঠিক দাম পাবেন এবং এই অঞ্চলে বড় বড় কলকারখানা গড়ে উঠবে।’
সাসেক ২-এর প্রকল্প পরিচালক মো. ওয়ালিউর রহমান জানান, সড়ক যোগাযোগব্যবস্থাকে সহজ ও গতিময় করতে দিন-রাত দুই শিফটে কাজ চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) হলো একটি অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এটি চালু হলে গাড়ি কখন কোন লেনে যাবে, কোথায় থামবে—তা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। কেউ ভুল লেনে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে।
আইটিএস ব্যবহারের ফলে যানজটের তীব্রতা কমে যাবে এবং সড়ক নিরাপত্তার ব্যবস্থাপনা আরো জোরদার হবে।’
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ, আত্মগোপনে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৩ AM · প্রতিদিনের কাগজ
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ এ ৬:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
২২ অক্টোবর, ২০২৬ এ ৬:০২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
২১ অক্টোবর, ২০২৬ এ ১১:১০ PM · karatoa.com.bd
পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী
২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · Ajker Patrika
