শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,জরিমানা ৫০ হাজার টাকা

১৭ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ AM

সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,জরিমানা ৫০ হাজার টাকা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার কড্ডার মোড় বাজার, জারিলা বাজার, সয়দাবাদ বাজার ও সমেশপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনহীন অনু সার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ না থাকা এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।এসব অনিয়মের দায়ে জারিলা বাজারের মেসার্স হিমু বীজ ভান্ডারের মালিক মো. হারুন অর রশিদকে ৩০ হাজার টাকা এবং সমেশপুর বাজারের মেসার্স হাফিজুল স্টোরের মালিক মো. হাফিজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

The post সিরাজগঞ্জে সার, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,জরিমানা ৫০ হাজার টাকা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ