শাহজাদপুর সংবাদ

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কামারখন্দ থানার সেবা কার্যক্রম

১৭ আগস্ট, ২০২৬ এ ১১:৩৮ AM

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কামারখন্দ থানার সেবা কার্যক্রম

মোঃ ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ থানার পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে চলছে পুলিশের নিয়মিত কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশের জরাজীর্ণ অবস্থা ও ছাদের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কর্মস্থলই যদি অনিরাপদ থাকে, তাহলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

থানায় আগত সেবা প্রার্থীদের অভিযোগ, থানার ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর বিভিন্ন অংশে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের ছাদ নিয়ে রয়েছে উদ্বেগ। প্রতিদিন পুলিশ সদস্য, সেবাপ্রার্থী ও নানা কাজে থানায় আসা সাধারণ মানুষকে এই ভবনের ভেতরেই অবস্থান করতে হয়।

তারা অভিযোগ করে বলেন, পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁদের নিজেদের কর্মস্থল যদি ঝুঁকিপূর্ণ থাকে, সেটি অত্যন্ত দুঃখজনক। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভবনটি পরিদর্শন করে এর নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করুক। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সেখানে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব একটি নতুন থানা ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।

স্থানীয়দের দাবি, নতুন থানা ভবনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের উপযোগী পরিবেশের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। এতে একদিকে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ নিরাপদ হবে, অন্যদিকে সাধারণ মানুষও নির্বিঘ্নে থানায় এসে কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন।

সরেজমিনে দেখা যায়, একতলা পুরোনো ভবনের বিভিন্ন অংশে জীর্ণতার ছাপ স্পষ্ট। অফিস কক্ষ, রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাকের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও নির্মাণকাজের লোহার রড বেরিয়ে এসেছে। দরজা-জানালার অবস্থাও নাজুক। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরকারি সরঞ্জাম নিয়েও তৈরি হয় শঙ্কা।

শুধু ভবন নয়, এই ঝুঁকির সঙ্গে প্রতিদিন বসবাস করছেন থানায় কর্মরত পুলিশ সদস্যরাও। দায়িত্ব পালনের পাশাপাশি তাদের মনে কাজ করে ভবনটির নিরাপত্তা নিয়ে ভয়।

এক পুলিশ সদস্য বলেন, আমরা মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করি। কিন্তু নিজেদের কর্মস্থলেই সবসময় একটা আতঙ্ক কাজ করে। ব্যারাকে থাকার পরিবেশও ভালো নয়। কখন কী হয়, বলা যায় না।

আরেক কর্মকর্তা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। সংস্কার করে কোনোভাবে কার্যক্রম চালিয়ে নেওয়া হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, আমরা অনেক ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যে অস্থায়ীভাবে টিনের তৈরি ভবনের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেখানে স্থানান্তর হওয়ার কথা রয়েছে। নতুন ভবনের বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।

The post ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কামারখন্দ থানার সেবা কার্যক্রম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ