শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে শাহজাদপুরে আরও ২৩টি দেশীয় অস্ত্র উদ্ধার

১১ জুন, ২০২৫ এ ১:০০ PM

সিরাজগঞ্জে শাহজাদপুরে আরও ২৩টি দেশীয় অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ২৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় তাদের ফেলে যাওয়া ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ৩০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, উল্লাপাড়া সেনাক্যাম্পের সদস্যরা প্রাণনাথপুর গ্রামে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গ্রামের বিভিন্ন স্থান থেকে ২৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত রবিবার প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর লোকজন ব্যক্তিগত আক্রোশ থেকে গ্রামের সাধারণ মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাতজন আহত হন এবং আটটি বাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই প্রেক্ষিতে সোমবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী ওই গ্রামে অভিযান চালায় এবং মঙ্গলবার রাতে আরও ২৩টি অস্ত্র উদ্ধার করে।

সূত্র: Bd24live

সম্পর্কিত সংবাদ