শাহজাদপুর সংবাদ

কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM

কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম

আক্কাস আলী, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমাজসেবক ওয়াসিম হোসেন। তাঁর বাবা মরহুম আবুল হোসেন ছিলেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার। বাবার অসম্পূর্ণ কাজ এগিয়ে নেওয়া এবং এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মেম্বার মরহুম আবুল হোসেন জীবদ্দশায় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর পরও স্থানীয়দের কাছে তাঁর সেবামূলক কর্মকাণ্ডের স্মৃতি রয়েছে। সেই ধারাবাহিকতায় তাঁর ছেলে ওয়াসিম হোসেন এবার মেম্বার পদে প্রার্থী হয়েছেন।‘আসুন, একসঙ্গে গড়ি ওয়ার্ড’—এই প্রত্যয়কে সামনে রেখে ওয়াসিম হোসেন এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং কৃষকদের পাশে দাঁড়ানো।এ ছাড়া বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া, মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার করা এবং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে ওয়াসিম হোসেন বলেন, “আমার পরম শ্রদ্ধেয় বাবা মরহুম আবুল হোসেন মেম্বার এই ওয়ার্ডের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর পর এলাকার মানুষের ভালোবাসাই আমাকে নির্বাচনে আসার অনুপ্রেরণা জুগিয়েছে। বাবার অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নিয়ে ৩ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি ওয়ার্ডের মা-বোন, মুরব্বিসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”স্থানীয় কয়েকজন ভোটার জানান, মরহুম আবুল হোসেন মেম্বারের জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় তাঁর একটি পরিচিতি ছিল। তাঁর ছেলে ওয়াসিম হোসেনও বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁরা মনে করেন।তবে আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি ও স্থানীয় ভোটারদের প্রত্যাশা—দুটিই ভোটের মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রচার-প্রচারণার মাধ্যমে প্রার্থীরা নিজেদের পরিকল্পনা ও কর্মসূচি ভোটারদের সামনে তুলে ধরছেন।

The post কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ