শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেফতার

৩০ অক্টোবর, ২০২৬ এ ২:৩৭ PM

সিরাজগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: জেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

শুক্রবার (৩০ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

ওসি আরও জানান, গ্রেফতার দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের একটি ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেফতার করে।

এদিকে পুলিশের উপস্থিতিতে মহাসড়কে এমন বিক্ষোভ মিছিলের ঘটনা ঘিরে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সূত্র: Sarabangla

সম্পর্কিত সংবাদ