শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪৫ হাজার টাকা

১৩ আগস্ট, ২০২৬ এ ৯:৫২ AM

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪৫ হাজার টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্য অবৈধভাবে উৎপাদন এবং পণ্যে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করার বিষয়টি শনাক্ত করা হয়। এছাড়া অনুমোদনহীন দস্তা সার বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়ম মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো. গোলবাহার হোসেনকে ২০ হাজার টাকা, মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো. শাহীন চকদারকে ৫ হাজার টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো. রেজাউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের পাশাপাশি বাজারে ডিম ও কাঁচামরিচের মূল্য, মজুদ পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থা তদারকি করা হয়।

এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: Barta Bazar

সম্পর্কিত সংবাদ