সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: তাঁত বোর্ড চেয়ারম্যান
২৩ আগস্ট, ২০২৬ এ ৬:৫০ PM

তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের প্রবেশমুখে আধুনিক মানের ‘বিজনেস হাব’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাকির হোসেন সিদ্দিকী বলেন, তাঁতশিল্পকে এগিয়ে নিতে রং, সুতা ও অন্যান্য কাঁচামালের দাম কমিয়ে সহজে তাঁতিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও কাজ করা হবে।
তিনি বলেন, তাঁতিদের জন্য ‘তাঁত ব্যাংক’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁতিরা প্রয়োজনীয় অর্থায়ন পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।
তাঁত বোর্ড চেয়ারম্যান আরও বলেন, সরকারের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রডাক্ট’ কর্মসূচির আওতায় তামাই গ্রামকে ‘লুঙ্গির গ্রাম’ হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে বিশেষ অনুরোধ জানানো হবে। তাঁত বোর্ডের উদ্যোগে স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপনের পাশাপাশি ঢাকায় তাঁতবস্ত্র মেলার আয়োজন করা হবে।
ডিজিটাল মাধ্যমে তাঁতপণ্যের বিপণন ও নিজেদের ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং তাঁতশিল্পকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবলু ফকির। এ সময় তাঁত বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তাঁত কুঞ্জের ব্র্যান্ডিং জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন তাঁত কারখানা পরিদর্শন করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান। এ সময় তিনি তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং শিল্পটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। দ্রুত এসব সমস্যা সমাধানে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
